গাছ কাটা বন্ধ করতে আদালতের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা শহরের প্রাণসায়ের খালের পাড়ের গাছ কাটা বন্ধ করে দিয়েছেন ক্ষুব্ধ লোকজন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে অর্ধশতাধিক লোক গিয়ে এ গাছ কাটা বন্ধ করে দেন। এদিকে সাতক্ষীরা নাগরিক কমিটির পক্ষ থেকে দায়ের করা মামলায় গতকাল আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গাছ কাটা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।খালের পাড়ের দোকানদান হাফিজুর রমহান ও আবদুর রহমান জানান, শহরের কদমতলা এলাকার কাঠ ব্যবসায়ী হাসেম আলীর নেতৃত্বে ৫০-৬০ জন শ্রমিক কয়েকটি দলে বিভক্ত হয়ে গত সোমবার সকাল থেকে খালের পূর্ব পাড়ে গাছ কাটা শুরু করেন। ওই দিন সকাল নয়টার দিকে নাগরিক কমিটির পক্ষ থেকে গাছ কাটা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু গত মঙ্গলবার থেকে আবার গাছ কাটা শুরু হয়। এর আগে স্কাভেটর দিয়ে খাল কাটতে গিয়ে পশ্চিম পাড়ের আরও তিন শতাধিক গাছ কেটে ফেলা হয়।হাসেম আলী জানান, তিনি সাতক্ষীরা কালেক্টরেট কর্মকর্তা-কর্মচারী বহুমুখী সমবায় সমিতির পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ হামিম হাসানের কাছ থেকে ৩০ মার্চ নিলামে এসব গাছ কিনেছেন। এক লাখ ৪০ হাজার টাকায় ২৪৮টি বিভিন্ন প্রজাতির ছোট-বড় গাছ কেনা হয়েছে। তিনি সোমবার থেকে শুরু করে তিন দিনে ৫০-৬০টি গাছ কেটেছেন। শেখ হামিম হাসান বলেন, খাল কাটতে সমস্যার কারণে এসব গাছ কাটার জন্য নিলাম দেওয়া হয়েছে।মঙ্গলবার ‘সাতক্ষীরা শহরের প্রাণসায়ের খালপাড়ে গাছ নিধন’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রথম আলোয় প্রকাশ হয়। গতকাল নাগরিক কমিটির ব্যানারে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন নেতৃত্বে অর্ধশতাধিক ক্ষুব্ধ লোক খালের পাড়ের গাছ কাটা বন্ধ করে দেন। পরে তাঁরা শহরের মিনি মার্কেটের সামনে এক প্রতিবাদ সমাবেশ করেন। এতে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক স ম লুৎফর রহমান, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ।এদিকে নাগরিক কমিটির পক্ষ থেকে দায়ের করা মামলায় সাতক্ষীরা যুগ্ম জেলা জজ রিপতি কুমার বিশ্বাস গতকাল এক আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকায় গাছ না কাটার জন্য বিবাদীদের নির্দেশ দেন।মামলার বিবাদীরা হলেন জেলা প্রশাসক আনোয়ার হোসেন হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও সাতক্ষীরা সবুজ বৃক্ষরোপণ প্রকল্প কমিটির আহ্বায়ক শেখ হামিম হাসান, কাঠ ব্যবসায়ী আবুল হাসেম, পৌর মেয়র আবদুল জলিল, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাতক্ষীরা-১-এর নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম মাহমুদুর রহমান।