গাছ কাটা বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শহীদ মিনার পর্যন্ত বিস্তৃত সড়কদ্বীপের গাছ কেটে ফেলায় বিভিন্ন সংবাদ মাধ্যমে এটিকে নির্বিচারে বৃক্ষনিধন হিসেবে আখ্যায়িত করে সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক লিখিত বক্তব্যে এ কথা জানানো হয়।বক্তব্যে উল্লেখ করা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শহীদ মিনার পর্যন্ত বিস্তৃত সড়কদ্বীপে ১৯৮৬ সালে অপরিকল্পিতভাবে কিছু দেবদারু ও ঝাউগাছ রোপণ করা হয়। বর্তমানে এসব গাছের শেকড় বেড়ে যাওয়ায় সড়কদ্বীপের গায়ে ফাটল ধরেছে। সাধারণত সড়কদ্বীপের কোথাও এ ধরনের বড় আকারের গাছ রাখা হয় না। উপরন্তু বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শহীদ মিনার দৃষ্টিগোচর হওয়া এবং সড়কদ্বীপের শোভাবর্ধক গাছ লাগানোর পরিকল্পনার অংশ হিসেবে এসব গাছ কাটা হয়েছে। ‘গাছ মাছ পাখির বাস’ এই নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এই স্লোগান সামনে রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্প্রতি পাঁচ হাজার বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। পাখির অভয়ারণ্য সম্প্রসারণের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় ক্লাবসংলগ্ন তিন একর জমি নিয়ে একটি পুকুর এবং বিশমাইল এলাকায় ১৫ একর জমি নিয়ে আরেকটি পুকুর সংস্কার করা হয়েছে। এ দুটি পুকুরের পাড়ে ৩০০টি লিচুর চারাসহ নানা জাতের ৭০০টি গাছের চারা রোপণ করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্তমানে নানা প্রজাতির ছয় লাখের বেশি গাছ রয়েছে।