নির্বিঘ্নে ট্রেন চলাচলের অজুহাতে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের গাছ কাটার পরিকল্পনা বাতিলের দাবি জানানো হয়েছে। লাউয়াছড়া জাতীয় উদ্যান রক্ষা আন্দোলনের ব্যানারে রেলমন্ত্রী বরাবর গতকাল বুধবার এক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল হকের মাধ্যমে দেওয়া ওই স্মারকলিপিতে রেলপথ লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাইরে সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আর উদ্যানের গাছ কাটার বিষয়ে বন বিভাগকে দেওয়া রেলওয়ের চিঠি প্রত্যাহারের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়েছে, নির্বিঘ্নে ট্রেন চলাচলের অজুহাত তুলে রেলওয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার রেলপথের দুপাশের গাছ কাটতে বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে চিঠি দিয়েছে। জবাবে বন বিভাগ বলেছে, এতে ২৫ হাজারের বেশি গাছ কাটা পড়বে, যাতে এ বনাঞ্চলের জীববৈচিত্র্য ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। স্মারকলিপিতে বলা হয়, লাউয়াছড়া জাতীয় উদ্যান সরকারঘোষিত সংরক্ষিত এলাকা। এই বনাঞ্চল থেকে সব ধরনের গাছ কাটা ও অপসারণ নিষিদ্ধ। তাই ট্রেন চলাচলের নিরাপত্তায় বিঘ্ন ঘটলে উদ্যানের বাইরের দিকে বিকল্প রেলপথ করতে হবে।
রেল বিভাগ লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় রেলপথের দুপাশের গাছ কাটতে সম্প্রতি বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে একাধিক চিঠি দেয়। বন বিভাগ প্রাথমিক জরিপের ভিত্তিতে জবাবে জানায়, রেলওয়ের চিঠি অনুযায়ী পদক্ষেপ নেওয়া হলে ছোট-বড় ২৫ হাজারের বেশি গাছ কাটা পড়বে, যা জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য হুমকি। এ নিয়ে গত ১৭ জুন প্রথম আলোয় ‘লাউয়াছড়ায় ২৫ হাজার গাছ কাটতে রেলওয়ের চিঠি’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।
এদিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ২৫ হাজার গাছ কাটার উদ্যোগের প্রতিবাদে ‘রেলমুক্ত লাউয়াছড়া জাতীয় উদ্যান’ করার দাবিতে উদ্যানের ভেতরে গতকাল বিকেলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। লাউয়াছড়া জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটির সদস্য ও সহব্যবস্থাপনা কমিটির পাহারাদার সদস্যরা এ কর্মসূচি পালন করেন।