গাছ কাটা সেই সড়কে এবার 'বৃক্ষ লেন' করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের রিকাবিবাজার মোড় থেকে মীরের ময়দান সড়ককে ‘ভিআইপি’ সড়কে রূপান্তর করতে আবারও গাছ লাগানো ও সড়ক বিভাজকে গাছ লাগিয়ে ‘বৃক্ষ লেন’ করার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে এই সড়কটির বর্ধিতকরণ প্রকল্পের কাজ উদ্বোধন করেন অর্থমন্ত্রী। তখন তিনি এ নির্দেশ দেন।
সিটি করপোরেশন পৌরসভা থাকাকালে ১৯৯৮ সালে এই সড়কে সহস্রাধিক গাছ লাগানো হয়েছিল। এ জন্য ১৯৯৯ সালে বিশ্ব পরিবেশ দিবসে জাতীয় পুরস্কার পেয়েছিল পৌরসভা। এরপর সড়ক বর্ধিত করতে সিটি করপোরেশন সেই গাছগুলোই (১৫১টি) কাটার নিলাম বিজ্ঞপ্তি দেয়। এ বিষয়ে গত বছরের ৯ নভেম্বর প্রথম আলোয় ‘সেই গাছগুলো এখন পথের কাঁটা’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়। এ সময় পরিবেশবাদীরা তৎকালীন মেয়রের কাছে সড়কে ‘বৃক্ষ লেন’ স্থাপনের দাবি তুলেছিলেন।
গত ১৩ আগস্ট গাছগুলো কাটা শুরু হলে পরের দিন প্রথম আলোয় ‘কেটেই ফেলা হচ্ছে গাছগুলো’ শিরোনামে আরেকটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়। তখনো বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এ দাবি জানিয়েছিল সিটি করপোরেশনকে।
গতকাল অর্থমন্ত্রী এই গাছ কাটা সম্পর্কে সাংবাদিকদের বলেন, বাধ্য হয়ে গাছগুলো কেটে ফেলতে হয়েছে। তবে সড়কটি প্রশস্ত হয়ে গেলে এর দুই পাশে গাছ লাগানো হবে। এ ছাড়া সড়কের মধ্যবর্তী বিভাজকের মধ্যেও গাছ লাগানো হবে।
এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
এনামুল হাবীব বলেন, প্রকল্পকাজ শেষ হলে অর্থমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সড়কের দুই পাশে গাছ লাগানো হবে। এ ছাড়া সড়ক বিভাজকে গাছ লাগিয়ে বৃক্ষ লেন করার সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে।
সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ জানায়, ১৮ ফুট চওড়া সড়কের উভয় দিকে ১২ ফুট করে বাড়ানো হবে। দুই দিকেই থাকবে ফুটপাত লেন। পাশাপাশি সড়ক বিভাজকও রাখা হবে। প্রায় দুই কোটি টাকায় এ প্রকল্প বাস্তবায়ন হবে।
পদচারী-সেতু উদ্বোধন: নগরের কেন্দ্রস্থল কোর্ট পয়েন্টে নির্মিত পদচারী-সেতুটি (ফুটওভারব্রিজ) গতকাল বেলা দুইটার দিকে উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী। এরপর এটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এ সময় মন্ত্রী বলেন, যানজটমুক্ত নগরী গড়ে তুলতে সরকার আরও উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নিয়েছে। পর্যায়ক্রমে এগুলো বাস্তবায়ন করা হবে।
প্রায় ১ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করেছে সিটি করপোরেশন। নির্মাণকাজ করেছে বাংলাদেশ ইস্পাত অ্যান্ড প্রকৌশল করপোরেশনের নিজস্ব কোম্পানি চিটাগাং ড্রাই ডক লিমিটেড।