গাছ কাটার অভিযোগ দুই সপ্তাহেও মামলা হিসেবে নেয়নি পুলিশ
সড়কের পাশ থেকে ১৭৮টি সরকারি গাছ কেটে বিক্রি করার ঘটনায় জড়িত থাকায় আওয়ামী লীগের দুই নেতাসহ তিনজনের নামে সাতক্ষীরার তালা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল দুই সপ্তাহ আগে। কিন্তু অজ্ঞাত কারণে পুলিশ ওই অভিযোগ এখনো মামলা হিসেবে তালিকাভুক্ত করেনি।তালা উপজেলা খলিলনগর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আবদুল মালেক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি গত ৯ জানুয়ারি হাজারাকাটি গ্রামে গিয়ে সড়কের পাশ থেকে ১৭৮টি গাছ কেটে নেওয়ার সত্যতা পান। পরে তিনি তদন্ত করে জানতে পারেন খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমান আলী সরদার, সদস্য আবদুল হামিদ এবং হাজারাকাটি গ্রামের আরিফুল ইসলাম এসব গাছ কেটে বিক্রি করেছেন। এ কারণে তিনি ওই তিনজনের বিরুদ্ধে ১৬ জানুয়ারি তালা থানায় লিখিত অভিযোগ দেন।নাম প্রকাশ না করার শর্তে লিখিত অভিযোগে উল্লেখ করা কয়েকজন সাক্ষীর মধ্যে একজন জানান, একটি মহল যাঁদের আসামি করা হয়েছে তাঁরা গাছ কাটার ঘটনায় জড়িত নয় মর্মে সাক্ষীদের কাছ থেকে বয়ান লিখিয়ে নেওয়ার চেষ্টা করছে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ঘটনাটি নিয়ে তিনি ঝামেলায় আছেন। তিনি বিষয়টি সুরাহা করার চেষ্টা করছেন।পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, মামলা না হওয়ার কোনো কারণ নেই। দ্রুত যাতে মামলা হয় এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।