গাছ কাটার খবরে তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া তালোড়া রেলস্টেশনের আবাসিক এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতা কামারুজ্জামান ওরফে পিন্টুর বিরুদ্ধে গাছ কেটে বিক্রি করে অর্থ আত্মসাতের ঘটনা তদন্ত করেছেন রেলওয়ে বগুড়ার সহকারী নির্বাহী প্রকৌশলী আবদুস সোবহান। গত রোববার তিনি তালোড়া রেলস্টেশনে এসে সরেজমিনে তদন্ত করেন। গত শনিবার প্রথম আলোতে গাছ কাটার ছবিসহ এ বিষয়ে খবর প্রকাশিত হয়েছে।
গতকাল সোমবার তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পরিকল্পিতভাবে বিভিন্ন সময়ে গাছগুলো কাটা হচ্ছে। টি-৬ আবাসিক ভবনের পেছনে শিমুলগাছটির গোড়া চেঁছে প্রায় ৯ ইঞ্চি কেটে ফেলা হয়েছে। ঝোড়ো বাতাসে গাছটি ভেঙে পড়বে। এ ছাড়া কামারুজ্জামানের বাড়ির পাশের কয়েকটি তালগাছের খণ্ডও পড়ে থাকতে দেখা গেছে। পরিত্যক্ত কয়েকটি আবাসিক ভবনের প্রায় ১০ হাজার ইট ছিল। সেগুলোও নেই। স্টেশনমাস্টার এসব ঘটনা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাননি। এসব ঘটনার সঙ্গে কে কে জড়িত, তা খতিয়ে দেখে রেলওয়ে থানায় তাঁদের বিরুদ্ধে খুব শিগগিরই মামলা করা হবে।
এদিকে বিভাগীয় প্রকৌশলী (লালমনিরহাট) আরিফুর রহমান মুঠোফোনে বলেন, ‘রেলের জায়গায় গাছ কাটার অধিকার কারও নেই। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়ার সহকারী নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলছি।’
কামারুজ্জামান তালোড়া পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক। সম্প্রতি তিনি রেলস্টেশন মসজিদের কমিটি ভেঙে দিয়ে স্বঘোষিত সভাপতিও হয়েছেন। মসজিদের উন্নয়নের কথা বলে এসব গাছ বিক্রি করে সেই অর্থ তিনি আত্মসাৎ করেছেন। তিনি স্টেশনমাস্টার দেওয়ান শামসুল হকের শ্যালক।