গাছ কাটার পর খাসজমিতে ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাজার উন্নয়নের নামে সরকারি খাসজমি থেকে অর্ধকোটি টাকার গাছ কেটে নিয়েছেন। আর এ কাজের সমালোচনার রেশ কাটতে না-কাটতেই এবার ঘর তুলে জায়গাও দখল করলেন তিনি। সেই ব্যক্তি হলেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের নেতা আবদুল মছব্বির। এলাকাবাসীর অভিযোগ, কতিপয় অসাধু পুলিশ কর্মকর্তার সঙ্গে সখ্য থাকার সুবাদে মছব্বির এক-এগারোর সময় নিজের নামে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সও করে নিয়েছেন। তিনি হাকালুকি হাওরপারের ঘিলাছড়া ইউনিয়নের বাসিন্দা। তিনি এলাকায় বন্দুক নিয়ে চলাফেরা করেন। তাই লোকজনের কাছে তিনি ‘বন্দুক মছব্বির’ নামেই পরিচিত।স্থানীয় ভূমি কার্যালয় ও এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, ঘিলাছড়া মৌজার ১ নম্বর খাস খতিয়ানের ৬৬৪ নং দাগে ৭ দশমিক ৭৭ একর খাসজমি রয়েছে। টিলাবেষ্টিত এ জমির মধ্যে রয়েছে হজরত সৈয়দ মো. ইছহাক আলী শাহের (রহ.) মাজার। হাকালুকি হাওরপারের এই মাজারের টিলা শত বছরের পুরোনো। যুগ যুগ আম, জাম, কাঁঠাল, বট, বনাক, চামসহ বিভিন্ন প্রজাতির মূল্যবান বৃক্ষরাজি মাজার এলাকাকে চমৎকার শোভায় সমৃদ্ধ করে রেখেছিল। সীমানাপ্রাচীর নির্মাণের কথা বলে মছব্বিরের নেতৃত্বে স্থানীয় ছলমান মিয়া, কছির আলী ও আবদুল হামিদ মাজার কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দলীয় প্রভাব খাটিয়ে গত জানুয়ারি থেকে আগস্টের মধ্যে টিলার দুই শতাধিক বনজ ও ফলদ গাছ কেটে বিক্রি করে দিয়েছেন। সম্প্রতি মছব্বির একই এলাকার মোকাম বাজারের ঈদগাহ মাঠের পূর্ব পাশের সরকারি জমি দখল করে বিশাল আধা পাকা ঘর তুলেছেন। এ ঘরে তিনি গভীর রাত পর্যন্ত বন্ধুবান্ধব নিয়ে আড্ডায় মশগুল থাকেন। হাওর থেকে অবৈধভাবে মৎস্য আহরণ ও অতিথি পাখি শিকারের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সরেজমিনে এলাকা ঘুরে দেখা যায়, টিলার চারদিক থেকে গাছ কাটা হয়েছে। বিশেষ করে টিলার দক্ষিণ ও মসজিদের পেছনের দিকে বিশাল আকারের গাছগুলো কেটে এগুলোর গুঁড়ি মাটি দিয়ে ঢেকে রাখা হয়েছে। গাছ কাটার চিহ্ন লুকাতেই এ ব্যবস্থা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা বলেন, মছব্বিরের কর্মকাণ্ডের প্রতিবাদ করার মতো সাহস কারও নেই। চোখের সামনে সরকারি জায়গা দখল করে নিলেও প্রশাসনের পক্ষ থেকে তাঁকে কোনো বাধা দেওয়া হয়নি।এসব অভিযোগের ব্যাপারে মছব্বির বলেন, গাছ কেটে মাজারের প্রাচীর নির্মাণ করা হয়েছে। তবে দুই শতাধিক নয়, ৫০-৬০টি গাছ কেটে বিক্রি করা হয়েছে। এটা কমিটির অনুমোদন নিয়েই করা হয়। সরকারি জায়গা দখল করে ঘর তৈরির সত্যতা স্বীকার করে বলেন, ‘কখন কী হয়, বলা যায় না। তাই সময় থাকতে ভবিষ্যতের জন্য কিছু করে রাখলাম।’জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’