গাছ কাটার প্রতিবাদ
রাজশাহী নগরের সড়কদ্বীপের বৃক্ষনিধনের প্রতিবাদে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় নগরের সাহেববাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন হয়।
সম্প্রতি রাজশাহী নগর ভবনের সামনে থেকে সিঅ্যান্ডবি মোড় পর্যন্ত সড়কদ্বীপের মাঝখানের প্রায় অর্ধশত গাছ কেটে ফেলা হয়েছে। তবে একটানা কাটা হয়নি। কোথাও তিনটি গাছ কাটা হয়েছে। আবার দুটি রেখে হয়তো আবার কয়েকটি কাটা হয়েছে। এখনো মাঝেমধ্যেই গাছ কেটে নেওয়া হচ্ছে। আর এসব গাছ কাটার জন্য পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন নেয়নি সিটি করপোরেশন। এমনকি গাছ কাটার জন্য দরপত্রও আহ্বান করা হয়নি।
প্রবীণ সাংবাদিক প্রশান্ত সাহার সভাপতিত্বে মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন বেসরকারি সংগঠন সুপ্রর মুস্তাফিজুর রহমান খান, সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র সরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগের ফেলো জুলফিকার আহম্মেদ, রাজশাহী মুক্তিযোদ্ধা পাঠাগারের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাজকুমার সরকার, খেলাঘর আসরের রাজশাহী জেলার সাধারণ সম্পাদক আফতাব হোসেন, আদিবাসী ছাত্র পরিষদের পক্ষে হেমন্ত চন্দ্র মাহাতো প্রমুখ।