গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অপরিকল্পিতভাবে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
গ্রিন ক্যাম্পাস নামের একটি পরিবেশবাদী সংগঠন গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ওই কর্মসূচি পালন করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সূত্রে জানা যায়, নির্মাণাধীন একটি ছাত্রী হলের জন্য কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গত শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু গাছ কাটা হয়। এর প্রতিবাদে গতকাল দুপুরে গ্রিন ক্যাম্পাস নামের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি পরিবেশবাদী সংগঠন মানববন্ধন করে।
এ সময় উপাচার্য মোহিত উল আলম মানববন্ধনকারীদের বলেন, তিনি এখনই ক্যাম্পাসে পাঁচটি গাছ লাগাবেন এবং দ্রুত ক্যাম্পাসে এক হাজার গাছ লাগানো হবে। এর পরিপ্রেক্ষিতে কর্মসূচি প্রত্যাহার করা হয়। বিকেলেই উপাচার্য ক্যাম্পাসে পাঁচটি গাছ লাগান।