গাছ কাটার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাছ কাটার প্রতিবাদে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। অবিলম্বে গাছ কাটা বন্ধ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে মানববন্ধন থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের অমর একুশে ভাস্কর্যের সামনের সড়কদ্বীপের পাশে বেলা ১১টার দিকে মানববন্ধনে যোগ দেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় তাঁরা ‘গাছ বাঁচুক, আমরাও বাঁচি’, ‘বিশ্ববিদ্যালয় চত্বরের গাছ সামাজিক সম্পদ, প্রশাসন এর মালিক নয়’ স্লোগান-সংবলিত প্ল্যাকার্ড বহন করেন। এর আগে শিক্ষক ও শিক্ষার্থীরা ওই সড়কদ্বীপ থেকে কেটে ফেলা ১৮টি গাছের পাশে খুঁটি পুঁতে তাতে সাদা কাপড় পেঁচিয়ে গাছের প্রতীকী মৃত্যুর বিষয়টি তুলে ধরেন।মানববন্ধন থেকে ঘোষণা করা হয়, গাছ কাটা বন্ধ না হলে ক্যাম্পাসের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে পরবর্তীকালে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।তবে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, সড়কদ্বীপের গাছগুলো কেটে সেখানে ফুল গাছ এবং রাস্তার দুই পাশে পরিকল্পিতভাবে গাছ লাগানো হবে। এ ছাড়া ক্যাম্পাসে আরও অধিক গাছ লাগানোর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে।