গাছ কাটার সময় চেয়ারম্যানের ভাইসহ আটক ২
ঝিনাইদহের মহেশপুর উপজেলার তালসার থেকে একাশিপাড়া আর গুড়দা থেকে ন্যাপা—এই দুই সড়কের দূরত্ব পাঁচ কিলোমিটার, যার দুই পাশে ছিল প্রায় দুই হাজার বিভিন্ন বনজ গাছ। গত রোববার দুপুরে ওই রাস্তার পাশে সরকারি গাছ কাটার সময় পুলিশ হাতেনাতে আটক করেছে আবদুস সালাম ও মোলাম হোসেন নামে দুই যুবককে।আটক আবদুস সালাম তালসার গ্রামের মৃত আবদুস সামাদ মুন্সীর ছেলে, আর মোলাম হোসেন একই গ্রামের মমিন হোসেনের ছেলে। আবদুস সালাম মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জ উদ্দিন হামিদের ছোট ভাই। মহেশপুরের দত্তনগর পুলিশ ফাঁড়ির এএসআই জমির উদ্দিন জানান, গোপন সূত্রে তাঁরা খবর পান যে গুড়দা সড়কে একাশিপাড়া নামক স্থানে রাস্তার গাছ কাটা হচ্ছে। দুপুর দুইটার দিকে গাছ কাটা অবস্থায় তাঁরা আটক করেন আবদুস সালাম ও মোলাম হোসেনকে। এ ছাড়া পালিয়ে যায় কয়েকজন। জমির উদ্দিন আরও জানান, রোববার যে দুটি গাছ কাটা হয়েছে, তার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা।