ইসলামী বিশ্ববিদ্যালয়ে মরা গাছ কাটার চুক্তির বাইরে জীবিত গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ২৫ জুন গাছ কাটা বন্ধ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া সার্বিক ঘটনা তদন্তে গতকাল রোববার একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভূসম্পত্তি কার্যালয় ও প্রক্টরের কার্যালয় সূত্রে জানা গেছে, ৮ জুন বিশ্ববিদ্যালয়ের ২৬৮টি মরা গাছ বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হয়। প্রক্টর ত ম লোকমান হাকিমকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট এ নিলাম কমিটির অন্য সদস্যরা হলেন এস্টেট শাখার প্রধান পারভেজ মিয়া এবং অর্থ ও হিসাব শাখার কর্মকর্তা জাকির হোসেন। নিলামে দেওয়া দর অনুযায়ী গাছগুলো ছাবদার আলীর কাছে ১ লাখ ৩২ হাজার টাকায় বিক্রি করা হয়। সেখানে করা চুক্তি অনুযায়ী, ওই মরা গাছগুলো কাটার জন্য চিহ্নিত করে রাখার পর ২০ জুন থেকে সেগুলো কাটা শুরু হয়।
সরেজমিন ঘুরে এবং প্রশাসনের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, নির্ধারিত গাছ কাটা শুরুর পর নিলামের চুক্তিতে না থাকা সত্ত্বেও এ পর্যন্ত প্রায় ৬০টির মতো জীবিত গাছ কাটা হয়েছে। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানোর পর গত বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব ধরনের গাছ কাটা বন্ধ করে দেয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে কেটে রাখা গাছগুলো বের করে নিয়ে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
ঘটনা তদন্তে গতকাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক জাকারিয়া রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। এ কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে গাছ বিক্রি ও জীবিত গাছ কাটার ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কয়েকজন কর্মকর্তা বলেন, প্রক্টর ত ম লোকমান হাকিম ও ভূসম্পত্তি শাখার প্রধান পারভেজ মিয়া নামমাত্র মূল্যে ছাবদার আলীর কাছে বিক্রি করেন, তাঁর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন। তাঁরা আরও অভিযোগ করেন, জীবিত গাছ কাটার ব্যাপারে ভূসম্পত্তি শাখার প্রধান ও প্রক্টরকে জানানোর পরও তাঁরা কোনো ব্যবস্থা নেননি।
অবশ্য পারভেজ মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ রকম কোনো ঘটনাই ঘটেনি।’
অভিযোগ অস্বীকার করে প্রক্টর ত ম লোকমান হাকিম বলেন, ‘আমি এর সঙ্গে জড়িত নই।’ জীবিত গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, বিষয়টি শোনার পর তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে জানিয়েছেন।
এদিকে টেন্ডার-সংক্রান্ত বিষয়ে আর্থিক লেনদেন এবং মরা গাছের টেন্ডারে জীবিত গাছ কাটার অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাঠ ব্যবসায়ী ছাবদার আলী বিষয়টি অস্বীকার করেন। উপাচার্য আবদুল হাকিম সরকার বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।