গাছ কেটে, মাটি কুপিয়ে পাহাড়ে চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় পাহাড়ের গাছ কেটে, মাটি কুপিয়ে আনারস, আদা ও হলুদের চাষ করা হচ্ছে। এতে তাৎক্ষণিক লাভ হলেও দীর্ঘ মেয়াদে পরিবেশ ও মাটির গুণাগুণ নষ্ট হচ্ছে বলে কৃষিবিদ ও মৃত্তিকা বিজ্ঞানীরা জানিয়েছেন। সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঢালু, মাঝারি-ঢালু পাহাড়ের আগাছা থেকে শুরু করে বড় বড় গাছ কাটা হয়েছে। কোপানো হচ্ছে মাটি। এসব পাহাড়ে আনারস, হলুদ ও আদা চাষ করা হবে বলে চাষিরা জানিয়েছেন। এভাবে মাটি কুপিয়ে নিলে ফলন বেশি হয়। তাই এ পদ্ধতিতে চাষ এখন বাড়ছে। পাহাড়ে সাধারণত জুম চাষ প্রচলিত। এতে পাহাড়ের বড় বড় গাছ অক্ষত থাকে। মাটিরও তেমন ক্ষয় হয় না বলে জুম চাষের সঙ্গে যুক্ত চাষিরা জানিয়েছেন।জেলা মৃত্তিকা সম্পদ বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নাজমুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঢালু এবং মাঝারি ঢালু পাহাড়ে মাটি কুপিয়ে চাষ করার কারণে দীর্ঘ মেয়াদে মাটি ও পরিবেশের ক্ষতি হচ্ছে। লাভের আশায় এমন ক্ষতিকর চাষ পদ্ধতি বন্ধে প্রশাসনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।রাঙামাটি কৃষি সম্প্রসারণ বিভাগের হিসাব অনুযায়ী, এ বছর নানিয়ারচরে ৯০০ হেক্টরে আনারস, ২৫০ হেক্টরে আদা ও ২৭৫ হেক্টরে হলুদ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাষিরা জানান, বছরজুড়ে জমিতে আনারস থাকে। আর আদা, হলুদ থাকে আট মাস। সাধারণত বছরের এ সময়টায় এসব ফসল লাগানো হয়। কয়েকজন আদিবাসী চাষি জানান, আগে তাঁরা জুম চাষের সঙ্গে আদা ও হলুদের চাষ করতেন। তাতে মাটি কর্ষণের প্রয়োজন হতো না। তবে আগাছা বেশি এবং ফলন কম হতো। বাঙালিদের চাষ পদ্ধতিতে আগাছা কম এবং ফলন বেশি হয় দেখে তাঁরাও এ পদ্ধতিতে চাষ করছেন।উপজেলার বগাছড়ি এলাকার চাষি মো. জয়নাল (৪২) জানান, পাঁচ থেকে সাত ইঞ্চি পরিমাণ মাটি কোপানো হলে যেকোনো ফসলের ফলন বাড়ে। মো. ইয়াকুব আলী (৪৪) জানান, তাঁরা আদিবাসীদের জুম চাষ পদ্ধতির সঙ্গে পরিচিত নন। সমতলের মতো মাটি কর্ষণ করে চাষ না করলে তাঁদের চাষে কোনো উৎপাদন হয় না। তাই চাষ করতে গেলে অবশ্যই মাটি কর্ষণ করতে হয়।রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের ১৭ মাইল এলাকার শান্তি চাকমা (৩৮), প্রিয় লাল চাকমাসহ (৪০) অন্য চাষিরা জানান, তাঁরা আগে জুম চাষ করতেন। কিন্তু গাছ কেটে ও মাটি কর্ষণ করে চাষ করলে ফলন বেশি হয়। তাই এখন সেভাবে চাষ করছেন। মাটি কুপিয়ে চাষ পদ্ধতি দিন দিন বৃদ্ধির সত্যতা নিশ্চিত করে রাঙামাটি কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. সাদির উদ্দিন প্রথম আলোকে বলেন, আনারস চাষে লাভ বেশি হওয়ায় কৃষকেরা এ পদ্ধতি অনুসরণ করছেন। রাঙামাটির (সার্কেল) বন সংরক্ষক শফিউল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, ব্যক্তিগত বাগান হলে বন বিভাগের কিছু করার নেই। তবে চাষিদের সচেতন করা যেতে পারে।