গাছ কেটে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন স্থানে সড়কের পাশের গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন জামায়াত-শিবিরের কর্মীরা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে জামায়াত-শিবিরের কর্মীরা মহাসড়কের নয়াখাল, আন্ধারমার দরগাহ, খুনি বটতল, ড্রিম হাউস কমিউনিটি সেন্টার, মালেক মেম্বারের ব্রিক ফিল্ড, চারা বটতল, টাইম ক্যাফে, হাসমতের দোকান, মিঠাদীঘি ও ঠাকুরদীঘি এলাকায় সড়কের পাশের গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। সকালে শিবিরের কর্মীরা নয়াখাল এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন। বেলা সাড়ে ১১টার দিকে হাসমতের দোকান, মিঠাদীঘি ও ঠাকুরদীঘি এলাকায় দুটি অটোরিকশা ও ব্যাটারিচালিত ছয়টি রিকশা ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বেলা তিনটার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা মহাসড়কের হাসমতের দোকান এলাকায় জড়ো হয়ে মিছিল বের করলে পুলিশ তাঁদের ধাওয়া করে। এ সময় তাঁরা একটু সরে গিয়ে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটান। পুলিশও কয়েকটি গুলি ছোড়ে। শিবিরের কর্মীরা এ এলাকায় মহাসড়কের পাশের বড় চারটি গাছ কেটে সড়ক বন্ধ করে দেন। বিকেল চারটার দিকে শিবিরের শতাধিক কর্মী সাতকানিয়া সদরে মিছিল বের করেন।
সাতকানিয়া থানার পুলিশ শিবিরের দুই কর্মীকে আটক করেছে।
সাতকানিয়া থানার ওসি আবদুল লতিফ বলেন, পুলিশ একদিকে ব্যারিকেড সরিয়ে দিচ্ছে, শিবির আবার অন্যদিকে ব্যারিকেড দিচ্ছে।