গাছ কেটে নেওয়ার অভিযোগ
গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের সামনের চাপাইল সড়ক থেকে অর্ধলক্ষাধিক টাকা মূল্যের একটি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এলাকার প্রভাবশালী সাবেক উপজেলা বীজ কর্মকর্তা হাচেন সিকদার সরকারি গাছটি কেটে ফেলেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দা রানু বেগম বলেন, গাছটি সরকারি। গতকাল শুক্রবার সকালে হাচেন সিকদার সরকারি জায়গা ঘিরে নিজের বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ শুরু করেন। এ সময় বন বিভাগের অর্ধলক্ষাধিক টাকা মূল্যের ওই মেহগনি গাছটি তিনি কেটে ফেলেন। এলাকাবাসী বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল মতিনকে মুঠোফোনে জানান। হাচেন সিকদার বলেন, ‘১০-১৫ বছর আগে পাঁচ টাকা দিয়ে এই গাছের চারাটি কিনে আমি লাগিয়েছিলাম। আমার গাছ আমি কেটেছি।’ সহকারী বন সংরক্ষক মাছুদ রানা বলেন, গাছটি বন বিভাগের কি না, খোঁজ নেওয়া হচ্ছে। গাছটি জব্দ করতে নির্দেশ দেওয়া হয়েছে। ইউএনও আবদুল মতিন মুঠোফোনে বলেন, ‘বর্তমানে ছুটিতে রয়েছি। বিষয়টি আমার জানা নেই।’