গাছ কেটে ফুলের বাগান করছে হলি ফ্যামিলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণের বেশ কিছু গাছ কেটে ফেলা হয়েছে। কর্তৃপক্ষ সেখানে ফুলের বাগান করার সিদ্ধান্ত নিয়েছে। ছবিটি গতকাল দুপুরে তোলা l আবদুস সালাম
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণের বেশ কিছু গাছ কেটে ফেলা হয়েছে। কর্তৃপক্ষ সেখানে ফুলের বাগান করার সিদ্ধান্ত নিয়েছে। ছবিটি গতকাল দুপুরে তোলা l আবদুস সালাম

গাছের কারণে রাস্তা থেকে হাসপাতাল দেখা যায় না। তাই গাছ কেটে ফুলের বাগান করার সিদ্ধান্ত নিয়েছে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই হাসপাতালের সামনের আম ও মেহগনির ৭১টি গাছ কাটা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গাছগুলো অপরিকল্পিতভাবে বেড়ে উঠেছিল। হাসপাতালের সৌন্দর্যবর্ধনের জন্য গাছগুলো কেটে বাগান করার পরিকল্পনা করা হয়েছে। গতকাল শুক্রবার ইস্কাটন গার্ডেন রোডে অবস্থিত হাসপাতালটিতে গিয়ে দেখা যায়, এর সামনের ও এক পাশের অনেকগুলো গাছ কেটে কাণ্ড, ডালপালা স্তূপ করে রাখা হয়েছে। যেসব গাছ এখনো দাঁড়িয়ে আছে, সেগুলোরও ডাল ছাঁটা হচ্ছে।
জানতে চাইলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শওকত আলী প্রথম আলোকে বলেন, ‘গাছগুলোর কারণে রাস্তা থেকে হাসপাতালটিই দেখা যায় না। গাছগুলোর জন্য হাসপাতালের ভবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। শেওলা ধরে গেছে। স্যাঁতসেঁতে ভাবও চলে এসেছে। এ ছাড়া গাড়ির মোড় নেওয়ারও জায়গার অভাব। তাই পরিচালনা পর্ষদ গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে। গাছগুলো কাটার আগে একটি কোম্পানিকে দিয়ে ডিজিটাল সার্ভে করে কোন কোন গাছ কাটতে হবে, তা ঠিক করা হয়েছে।’
রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার বলেন, ‘হ্যাঁ, আমরা সব কেটে ফেলছি। নতুন বাগান করব। হাসপাতালটি অপরিকল্পিত হয়ে গেছে। আমরা এটিকে নতুনভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছি।’ তিনি বলেন, ‘হাসপাতালটি ৫০০ শয্যার। অথচ রোগী থাকে বড়জোর ২০০-২৫০-এর মতো। গাছের কারণে হাসপাতালটিই দেখা যায় না। রোগী আসবে কীভাবে! হাসপাতালটি তাই পুনঃসংস্কার করা হচ্ছে।’