গাছ কেটে সংরক্ষিত বনের ভেতর দিয়ে সড়ক
গাছ কেটে বনের ভেতর দিয়ে সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। রংপুরের মিঠাপুকুর উপজেলা থেকে দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা এলাকা পর্যন্ত ২৪ কিলোমিটার সড়ক নির্মাণ করা হচ্ছে। সড়কটি যাচ্ছে রংপুর বন বিভাগের মিঠাপুকুর উপজেলার ‘সংরক্ষিত বনের’ ভেতর দিয়ে। আর এ জন্য কাটতে হবে প্রায় ৪৫০টি গাছ। তবে বন বিভাগের কর্মকর্তারা বলেছেন, বন ধ্বংস না করেও সড়ক নির্মাণ সম্ভব।সম্প্রতি যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগ উন্নয়ন-১ শাখার পক্ষ থেকে জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিবকে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে গাছ কাটার অনুরোধ জানিয়ে বলা হয়, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ‘সড়ক নেটওয়ার্ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ’ প্রকল্পের অধীন আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত করা এবং উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রাথমিক উন্নয়নকাজের লক্ষ্যে রংপুর সড়ক বিভাগ প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ করেছে। কিন্তু বন বিভাগের গাছ কাটা না হলে সড়কের নির্মাণ ও উন্নয়নকাজ সম্পন্ন করা যাচ্ছে না। চুক্তির শর্তানুযায়ী ঠিকাদারকে এই জায়গা হস্তান্তর করা না হলে ঠিকাদার সরকারের কাছে বিপুল পরিমাণ টাকা দাবি করতে পারে।বন বিভাগের একাধিক কর্মকর্তা বলেছেন, যোগাযোগ মন্ত্রণালয়ের গাছ কাটার প্রস্তাবে সম্মতি দেওয়া ঠিক হবে না। যোগাযোগ মন্ত্রণালয় সংরক্ষিত বনাঞ্চলের গাছ কাটার কথা বলেছে। আইনানুযায়ী সংরক্ষিত বনের গাছ কাটার কেনো বিধান নেই। গাছ কাটতে হলে সংরক্ষিত বনকে প্রথমে ‘অসংরক্ষিত বন’ হিসেবে ঘোষণা করতে হবে। বন বিভাগের কর্মকর্তরা বলছেন, একবার সংরক্ষিত বনের ভেতর দিয়ে সড়ক নির্মাণের অনুমতি দেওয়া হলে পরবর্তী সময়ে যেকোনো সংরক্ষিত বনের ভেতর দিয়ে সড়ক নির্মাণে উৎসাহী হবে সড়ক বিভাগ। এতে দেশের বিভিন্ন এলাকার বন উজাড় হওয়ার আশঙ্কা আরও বাড়বে।এ ব্যাপারে রংপুরের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবুল কালাম প্রথম আলোকে বলেন, ‘এটি সরকারের সংরক্ষিত বনাঞ্চল। যোগাযোগ মন্ত্রণালয় যে অনুমতি চেয়েছে, তা পূরণ করতে হলে আমাদের ৪৩৩টি গাছ কেটে ফেলতে হবে। আর বনকে “অসংরক্ষিত বন” হিসেবে ঘোষণা করতে হবে।’ডিএফও আরও বলেন, সড়ক প্রশস্ত করার জন্য সড়কের দুই পাশের গাছ কেটে ফেলার সরকারের কোনো নির্দেশনা তাঁদের কাছে আসেনি। তবে সড়ক বিভাগ কর্তৃক এই বন এলাকার ভূমি অধিগ্রহণ বাতিল করার বিষয়ে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত মে মাসের শেষ সপ্তাহে একটি চিঠি পাঠানো হয়েছে। সরজেমিনে গিয়ে জানা যায়, মিঠাপুকুর-মধ্যপাড়া আঞ্চলিক মহাসড়ক নির্মাণের জন্য ২০০০ সালে রংপুর সড়ক ও জনপথ বিভাগ মিঠাপুকুর উপজেলার ‘হেলেঞ্চা’ বন বিট এলাকায় ভূমি অধিগ্রহণ করে। ২০০৭ সালে ‘সড়ক নেটওয়ার্ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ প্রকল্প-১-এর আওতাধীন এই সড়কের নির্মাণকাজ শুরু করা হয়। ২৪ কিলোমিটার দীর্ঘ সড়কের অর্ধেকের বেশি নির্মাণকাজ শেষ হয়েছে। ‘হেলেঞ্চা’ বন বিট এলাকার পূর্ব দিকে দক্ষিণ ফুলচৌকি এলাকা থেকে পশ্চিম দিকের শাল্টিরবাজার এলাকা পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়ক নির্মাণের কাজ বন্ধ রয়েছে।এলাকায় গিয়ে দেখা যায়, নির্মাণাধীন সড়কের দুই পাশে বন রয়েছে। সড়কটি যেভাবে প্রশস্থ করা হচ্ছে, তাতে বনের অনেক শালগাছ কেটে ফেলতে হবে। বন বিভাগের কর্মকর্তারা বলছেন, বনের ভেতর দিয়ে আধা কিলোমিটার সড়ক কম প্রশস্ত করলে বনের ক্ষতি কম হবে।‘নেটওয়ার্ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ প্রকল্প-১’-এর রংপুর কার্যালয়ের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ ইসাহাক প্রথম আলোকে বলেন, সড়কটি নির্মাণের জন্য বনের কিছু গাছ কাটতে হবে। সড়কের দুই দিক থেকে এর নির্মাণকাজ করা হলেও মাঝে বনের জায়গায় এসে কাজ থেমে গেছে। মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এই সড়ক নির্মাণ নিয়ে কিছু জটিলতা হয়েছে বলে শুনেছি। তবে বিষয়টিতে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।’ তিনি জানান, ২০০৮ সালের ২২ ডিসেম্বর মিঠাপুুকুর উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির এক সভায় বনের কিছু গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।