গাছ কেটে সাবাড় দেখার কেউ নেই

রংপুরের বদরগঞ্জ-লালদীঘি সড়কের দুই ধারে সরকারিভাবে লাগানো গাছ কেটে সাবাড় করছে দুর্বৃত্তরা। এ ছাড়া ডালপালা ও বাকল কেটে নেওয়ায় অসংখ্য গাছ মরে সড়কে ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) একটি সূত্র জানায়, বিআরডিবির অর্থায়নে আরডি-৯ প্রকল্প ১৯৯১ সালে ওই সড়কের দুই ধারে ১২ কিলোমিটার জুড়ে ইউক্যালিপটাস, মেহগনি, আকাশমণি, আম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়। প্রতি কিলোমিটারে ২৭৫টি করে গাছ লাগানো হয়। প্রথম পাঁচ বছর সরকারি খরচে গাছগুলো পরিচর্যা করা হয়। পরে এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়নে গরিব-অসহায় ২২৬ জন নারী-পুরুষকে নিয়ে উপকারভোগীদের ১৩টি দল গঠন করা হয়। চুক্তি অনুযায়ী দলের উপকারভোগী সদস্যরা গাছ বিক্রির ৬৫ ভাগ, জেলা পরিষদ ২৫ ভাগ এবং বিআরডিবি ১০ ভাগ অর্থ পাবে।
স্থানীয় লোকজন জানান, প্রথম দিকে উপকারভোগী সদস্যরা গাছগুলো দেখভাল করতেন। কিন্তু দীর্ঘ ২৩ বছরেও গাছ দেখভালের বিপরীতে তাঁরা আর্থিক লাভের মুখ দেখেননি। বিআরডিবিও গাছ কাটেনি। ফলে তাঁরাও সুফল পাননি। তাই গাছ দেখভালের দায়িত্ব তাঁরা ছেড়ে দিয়েছেন। আর এই সুযোগে চোর চক্র ও দুর্বৃত্তেরা গাছ কেটে নিয়ে যাচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, বর্তমানে প্রতি কিলোমিটারে গড়ে ১২০টি করে গাছ রয়েছে। ডালপালা কেটে ও গাছের বাকল তুলে জ্বালানি হিসেবে স্থানীয় অসাধু লোকজন বাজারে বিক্রি করছেন। এ কারণে অসংখ্য গাছ মরে গিয়ে সড়কের ওপর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সম্প্রতি ওই সড়ক দিয়ে চলাচলের সময় হাটখোলাপাড়ারের অদূরে মরা গাছের একটি ডাল ভেঙে স্থানীয় রাধানগর এলাকার মোটরসাইকেল আরোহী জিয়াউল ইসলাম (৩৫) গুরুতর আহত হন। দামোদরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হাজ্জাজুল আলম প্রামাণিক বলেন, ব্যবস্থা না নেওয়ায় গাছ চোরেরা বেপরোয়া হয়ে উঠেছে। ইতিমধ্যেই বেশির ভাগ গাছ কেটে সাবাড় করা হয়েছে। উপকারভোগীরা ২৩ বছর ধরে কোনো লাভের মুখ দেখেননি। তাই এর পরিচর্যাও তাঁরা করেন না। দ্রুত টেন্ডারের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা না হলে দলের উপকারভোগী সদস্য ও সরকারের আর্থিক লোকসান হবে। রাধানগর লালদীঘি গ্রামের আবদুল হাকিম বলেন, ‘ওই সড়কে চলাচলের সময় কখন মরা গাছ ভেঙে পড়ে, সেই ভয়ে থাকি।’
দামোদরপুর ইউনিয়নের চিকলীরপড় দলের উপকারভোগী সদস্য তোফাজ্জল হোসেন বলেন, ‘স্যাররা কইছিল ওই গাছের ভাগ হামরাও পামো। সড়কের বেশি আদেক (বেশির ভাগ) গাছ চোরেরা কাটি শ্যাষ করি দেছে।’ স্থানীয় লোকজনের অভিযোগ, গ্রাম পুলিশ সদস্যরা গাছসহ দুর্বৃত্তদের আটক করে অর্থের বিনিময়ে ছেড়ে দেন।
গ্রাম পুলিশ সদস্য আবদুল হাকিম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘একাধিকবার গাছসহ দুর্বৃত্তদের হাতেনাতে আটক করেছিলাম। কিন্তু থানার পুলিশ আমাদের বাদী হয়ে মামলা দিতে বলে। এতে শত্রুতা বাড়ে। কাজ হয় না।’
রংপুর জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী ফজলার রহমান বলেন, ওই সড়কের গাছ দেখভালের প্রধান দায়িত্বে আছে উপজেলা বিআরডিবি কার্যালয়। দুর্বৃত্তরা ওই সড়কের অনেক গাছ কেটে নিয়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বহুবার অবহিত করা হয়েছে। উপজেলা বিআরডিবি কার্যালয়ের সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, ‘এসব গাছ বিক্রির সুনির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ নেই। তা ছাড়া গাছের ফাইলপত্রও অফিসে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবুও গাছগুলো টেন্ডারে বিক্রির উদ্যোগ নেওয়ার ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি।’