গাছ কেটেই চলেছেন ইউপি চেয়ারম্যান
প্রথমে গাছের দু-একটা ডাল কেটে ফেলা হয়। ভাবটা এমন যে, রাস্তা বা বিদ্যুতের কারণে করা হচ্ছে। তারপর গভীর রাতে গাছের গুঁড়িতে চালানো হয় করাত। ভোর হওয়ার আগেই গাছটি হয়ে যায় কয়েক টুকরো। টুকরোগুলো চালান করে দেওয়া হয় আশপাশের সদ্য গড়ে ওঠা করাতকলগুলোতে। প্রথম দিন কেটে নেওয়া গাছের গুঁড়িটি দৃশ্যমান থাকলেও পরে সেটিও উপড়ে ফেলে মাটি এবং গাছের লতাপাতা ও আবর্জনা দিয়ে এমন পরিবেশ সৃষ্টি করা হয় তাতে বোঝার উপায় থাকে না দুই দিন আগেও এখানে একটি গাছ ছিল। গাছ নিধন প্রক্রিয়ার এই বর্ণনা ফরিদপুর সদর উপজেলার ফরিদপুর-বদরপুর-সালথা সড়কের তাম্বুলখানা বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ীর।ফরিদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম সিদ্দিকুর রহমান জানান, ২৫ বছর আগে ফরিদপুর-বদরপুর-সালথা সড়কে জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছিল। স্থানীয় কৈজুরি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফকির সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি চক্র মাঝেমধ্যেই গাছ কাটছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। তদন্ত করে অভিযোগের সত্যতাও মিলেছে। পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। তিনি বলেন, পাঁচ বছর আগেও ওই চেয়ারম্যানের বিরুদ্ধে একই অভিযোগে মামলা হয়েছিল। তখন তিনি গাছ কাটার জন্য জরিমানা দেন ও জেলা পরিষদের কাছে ক্ষমা চান।খোঁজ নিয়ে জানা গেছে, একসময় জাকের পার্টির ইউনিয়ন সভাপতি ফকির সিদ্দিকুর রহমান বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগে যোগ দেন। বদরপুর থেকে সালথা পর্যন্ত সড়কের দুই পাশে বিভিন্ন জায়গায় তাঁর ১৫টি বিভিন্ন ধরনের দোকান রয়েছে। রয়েছে একটি করাতকল। এসব দোকান থেকে চেয়ারম্যানের লোকজন গাছ কাটার কাজ তদারক করেন। সড়কের পাশের করাতকলগুলোতে এসব গাছ বিক্রি করা হয়। কিছু কিছু গাছ দিয়ে চেয়ারম্যান বাড়ির আসবাব বানিয়েছেন। আবার মাঝেমধ্যে এলাকার দু-একটি স্কুলে কয়েকটি বেঞ্চ বানিয়ে দিয়ে সমাজসেবকের দায়িত্বও পালন করছেন!দুই সপ্তাহ আগে তাম্বুলখানা এলাকার একটি বড় আকাশমণি গাছ কাটেন বেদবাড়িয়া গ্রামের আবদুল জব্বার। তিনি বলেন, ‘চেয়ারম্যান ফকির সিদ্দিকুর রহমান আমাকে দিয়ে গাছটি কাটিয়েছেন। আমার সঙ্গে আরও তিনজন শ্রমিক ছিল। চেয়ারম্যানের নির্দেশে আমি সড়কের পাশের মেহগনি, শিশু, রেইনট্রিসহ আরও অনেক গাছ কেটেছি।’বিভাগীয় বন কর্মকর্তা তোহিদুল ইসলাম বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তবে চেয়ারম্যান জানিয়েছেন গাছগুলো জেলা পরিষদের, বন বিভাগের নয়। তবে গাছ যে-ই লাগাক, তা রক্ষার দায়িত্ব জনগণ, বিশেষ করে জনপ্রতিনিধিদের। এখন রক্ষকই যদি ভক্ষক হয়, তাহলে গাছ কাটা ঠেকাবে কে?চেয়ারম্যান ফকির সিদ্দিকুর রহমান তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য দাবি করে বলেন, রাস্তার পাশে কোনো গাছ ঝড়ে পড়ে গেলে বা মরে গেলে এলাকার মসজিদ ও বিদ্যালয়ের কাজে লাগানো হয়েছে। তিনি দাবি করেন, চোর প্রায়ই গাছ কেটে নিয়ে যায়। গত বৃহস্পতিবার রাতে ঠেনঠেনিয়া এলাকার তিনটি গাছ চোরেরা কেটে নিয়ে গেছে। তাঁর বিরুদ্ধে জেলা পরিষদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য বেনামে আমার বিরুদ্ধে দরখাস্ত দেওয়া হয়েছে।’