গাছ কেটেছে দুর্বৃত্তরা, ধান নষ্ট করেছে মাদকসেবীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের নাপিতখালী গ্রামে গত বৃহস্পতিবার দুপুরে দুর্বৃত্তরা এক কৃষকের বাগানের ১৫-২০টি গাছ কেটে ফেলেছে। ক্ষতিগ্রস্ত কৃষক মাখম চন্দ্র দেউড়ি এ ব্যাপারে শুক্রবার থানায় লিখিত অভিযোগ করেছেন। এদিকে যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর গ্রামে মাদকসেবীরা এক কৃষকের ছয় শতক জমির ধানগাছ ভেঙে নষ্ট করে ফেলেছে। নিরাপদ জায়গা হিসেবে খেতের পাকা ধানের গাছ ভেঙে মাটিতে ফেলে সেখানে বসে মাদক সেবন করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। মঠবাড়িয়া থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাপিতখালী গ্রামের কৃষক মাখম চন্দ্র দেউড়ি ২৫ বছর ধরে ছয় শতাংশ জমি কিনে ভোগদখল করছেন। ওই জমিতে তিনি মেহগনি ও রেইনট্রি গাছ লাগিয়ে বাগান করেছেন। স্থানীয় গোপাল চন্দ্র হালদার হঠাৎ করে ওই জমির মালিকানা দাবি করেন। এ নিয়ে বিরোধ সৃষ্টি হলে সম্প্রতি স্থানীয়ভাবে সালিস হয়। কিন্তু গোপাল সালিস না মেনে গত বৃহস্পতিবার দুপুরে কয়েকজন দুর্বৃত্ত নিয়ে ওই জমির গাছপালা কেটে ফেলেন। মাখম চন্দ্র দেউড়ি বলেন, ‘চার-পাঁচজন দুর্বৃত্ত আমার বাগানের অপরিপক্ব মেহগনি ও রেইনট্রিসহ ২০টি গাছ কুঠার দিয়ে কেটে ফেলে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।’ এ ব্যাপারে গোপাল চন্দ্র হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম এ জাহিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ায় সব গাছ কাটতে পারেনি। দুই পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে।এদিকে কেশবপুরের মজিদপুর গ্রামের মতিয়ার রহমানের একটি ধানখেতের ভেতরে বেশ কিছুদিন ধরে মাদকসেবীরা বসে আড্ডা মারছিল। সম্প্রতি মতিয়ার রহমান দেখেন, খেতের বিভিন্ন অংশে পেকে ওঠা ধানের গাছ ভেঙে সমতল করে ফেলা হয়েছে। তিনি জানতে পারেন, মাদকসেবীরা নিরাপদে মাদক সেবন করার জন্য খেতের এ অবস্থা করেছে। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, ‘এ ব্যাপারে কেউ আমার কাছে অভিযোগ করেনি। এ ধরনের কোনো ঘটনা হয়ে থাকলে আমাকে জানালেই দ্রুত ব্যবস্থা নেব।’