গাছ কেটেছেন আ.লীগ নেতার ছেলে ও ভাগনে!
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ-মতিরহাট সড়ক থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আমিনের ছেলে চরলরেন্স ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সোহেল এবং ভাগনে যুবলীগের কর্মী মহিন উদ্দিনের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা বিভিন্ন প্রজাতির ১৪টি গাছ কেটে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ৩০ এপ্রিল গভীর রাতে এ ঘটনা ঘটে। তবে মো. নুরুল আমিন অবশ্য গাছ কেটে নেওয়ার সঙ্গে তার ছেলে এবং ভাগনে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গ্রামীণ সড়ক বনায়ন কর্মসূচির আওতায় ১৯৯২ সালে মতিরহাট-তোরাবগঞ্জ সড়কে বিভিন্ন প্রজাতির পাঁচ হাজার গাছ লাগানো হয়। সড়কের মালিকানা সংস্থা হিসেবে লক্ষ্মীপুর জেলা পরিষদ, বাস্তবায়নকারী সংস্থা হিসেবে বেসরকারি সংস্থা কুমিল্লা প্রশিকা এবং তত্ত্বাবধানকারী হিসেবে প্রশিকা সংগঠিত চরলরেন্স এলাকার একটি উপকারভোগী দল যৌথভাবে ওই কাজ বাস্তবায়ন করে। চুক্তি অনুযায়ী ১০ বছর পর গাছগুলো বিক্রি করে জেলা পরিষদ শতকরা ৪০ ভাগ, প্রশিকা ৩৫ ভাগ এবং উপকারভোগী দল ২৫ ভাগ টাকা পাওয়ার কথা।
চুক্তির মেয়াদ পূর্ণ হওয়ার আগেই কুমিল্লা প্রশিকা বিলুপ্ত হয়ে পেইজ নামের কুমিল্লাভিত্তিক বেসরকারি সংস্থার সঙ্গে একীভূত হয় এবং কুমিল্লা প্রশিকার বনায়ন কর্মসূচি পেইজের কর্মসূচি হিসেবে পরিচালিত হয়।
কমলনগরের চরলরেন্স এলাকার পেইজ কার্যালয়ের কর্মকর্তা শুকুর মাহমুদ জানান, পেইজ এবং চরলরেন্স এলাকার উপকারভোগী দল দীর্ঘদিন ধরে ওই সড়কের গাছগুলো দেখাশোনা করছে।
উপকারভোগী দলের সভাপতি মো. ইসমাইল অভিযোগ করেন, ৩০ এপ্রিল গভীর রাতে দুর্বৃত্তরা ১০টি মেহগনি গাছসহ ১৪টি গাছ কেটে নিয়ে গেছে। আওয়ামী লীগের এক নেতার ছেলে, ভাগনেসহ ছাত্রলীগ ও যুবলীগের ছেলেরা ওই গাছগুলো কেটে নিয়েছেন বলে তিনি দাবি করেন।
ইসমাইল জানান, ওই চক্রটি এর আগেও একাধিকবার গাছ কেটে নিয়ে গেছে। তিনি বলেন, এ পর্যন্ত ওই সড়ক থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ৩৮টি গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। হয়রানির ভয়ে প্রভাবশালী ওই মহলটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে তিনি জানান।
এদিকে অভিযুক্ত সোহেল ও মহিন উদ্দিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আমিন ঘটনার সঙ্গে সোহেল ও মহিনের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে বলেন, একটি চক্র দলের নাম ভাঙিয়ে অপকর্ম চালিয়ে যাচ্ছে। খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী আবদুল আলীম বলেন, ওই সড়কের গাছ কেটে নেওয়ার বিষয়টি তিনি জানতেন না। খোঁজ নিয়ে ওই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল আওয়াল বলেন, গাছগুলো অনেক আগে লাগানো হয়েছে। গাছের মালিকানাসংক্রান্ত কোনো তথ্য তাঁর কাছে নেই। বন বিভাগের স্থানীয় রেঞ্জ কর্মকর্তাকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। এ ছাড়া পুলিশকেও বিষয়টি জানানো হয়েছে। তথ্য সংগ্রহের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।