গাছ চুরি মামলার আসামিরা বন পাহারার দায়িত্বে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বনের গাছ ও কাঠ চুরির অভিযোগে করা একাধিক মামলার কয়েকজন আসামিকে বন পাহারার দায়িত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি ওই আসামিদের একজনের বিরুদ্ধে একটি পিকআপ ভ্যানে করে ৭০-৮০ ঘনফুট সেগুন কাঠ পাচারের অভিযোগ উঠেছে।পাচারের ঘটনা তদন্তে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ ইকবাল চৌধুরীকে প্রধান করে গত বৃহস্পতিবার চার সদস্যের একটি কমিটি করা হয়েছে। এলাকাবাসী ও বন বিভাগ সূত্রে জানা গেছে, জুড়ী-১ রেঞ্জের লাঠিটিলা বিট এলাকার শুকনাছড়া, হায়াছড়া ও বিষহরী সংরক্ষিত বন থেকে প্রায়ই সেগুনসহ বিভিন্ন ধরনের গাছ চুরি হচ্ছে। এসব গাছ পাহারার জন্য স্থানীয় ৬০ থেকে ৭০ জনকে বন জায়গিরদারের (ফরেস্ট ভিলেজার) দায়িত্ব দেওয়া হয়েছে। বন পাহারার বিনিময়ে তাঁরা পরিবার নিয়ে বনের জায়গায় থাকার অনুমতি পেয়েছেন।নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি প্রথম আলোর কাছে অভিযোগ করেন, শুকনাছড়ার বাসিন্দা আনজীর আলী, রইছ উদ্দিন, সমছ উদ্দিনসহ আরও কয়েকজন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় গাছ চুরির সঙ্গে জড়িত। ওই তিনজনের বিরুদ্ধে বন আইনে তিন থেকে পাঁচটি মামলাও আছে। তবু তাঁদের বন পাহারার দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে তিনটি মামলার আসামি আনজীর আলীকে বন জায়গিরদারদের প্রধান (হেডম্যান) করা হয়েছে।বন বিভাগ সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসে দুই দফায় ঝড়ে লাঠিটিলা বিটের আওতাধীন সংরক্ষিত বনের বিভিন্ন এলাকায় প্রায় ৩০০ সেগুনগাছ ক্ষতিগ্রস্ত হয়। সম্প্রতি ওই গাছগুলো কেটে টুকরো করে শুকনাছড়া এলাকায় স্তূপ করে রাখা হয়। গত আগস্ট মাসের শেষের দিকে বন কর্মকর্তারা ওই সেগুন কাঠ পাহারার দায়িত্ব দেন আনজীর আলীকে।উপজেলা পরিষদ সূত্র জানায়, বৃহস্পতিবার উপজেলা পরিষদের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়। সেখানে কমিটির সদস্য ও স্থানীয় গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ অভিযোগ করেন, মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা শুকনাছড়ায় স্তূপ করে রাখা মার্কাবিহীন (বন বিভাগের দেওয়া চিহ্ন ছাড়া) ৭০-৮০ ঘনফুট সেগুন কাঠ একটি পিকআপ ভ্যানে বোঝাই করে অন্যত্র পাচার করে। এলাকাবাসীর কাছ থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি মুঠোফোনে জুড়ী-১ রেঞ্জের বন কর্মকর্তাদের জানান। এ কাজে লাঠিটিলা বিটের বন কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশ রয়েছে বলে ইউপি চেয়ারম্যান অভিযোগ করেন। এরপর বিষয়টি তদন্তের জন্য কমিটি গঠন করা হয়।মঙ্গলবার রাতে ওই সেগুন কাঠ পাচারের সঙ্গে আনজীর আলী জড়িত বলে স্থানীয় একাধিক বাসিন্দা অভিযোগ করেছেন। ওই ঘটনার ব্যাপারে জুড়ী-১ রেঞ্জের সহযোগী বন কর্মকর্তা নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, মঙ্গলবার রাতে তাঁরা শুকনাছড়ায় পৌঁছানোর আগেই কাঠবোঝাই যানবাহনটি অন্য পথে সটকে পড়ে।অভিযোগ সম্পর্কে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বন জায়গিরদারদের প্রধান আনজীর আলীর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। আনজীর, অন্য বন জায়গিরদার রইছ উদ্দিন ও সমছ উদ্দিনের বিরুদ্ধে বন আইনে মামলা থাকার বিষয়টি নিশ্চিত করেছেন লাঠিটিলা বন বিট কর্মকর্তা নারায়ণ চন্দ্র দাস। মামলার পরও তাঁদের বন পাহারার দায়িত্ব দেওয়া প্রসঙ্গে বিট কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘অফিসে (বিট কার্যালয়) পর্যাপ্ত জায়গা নেই। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে আনজীর আলীকে সেগুন কাঠের স্তূপ পাহারার দায়িত্ব দেওয়া হয়েছে। কাঠ পাচারের সঙ্গে আনজীর বা অন্য কেউ জড়িত থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’গাছ চুরির সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন নারায়ণ চন্দ্র।