গাছ চুরির মামলায় সওজ কর্মকর্তাসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছ চুরির মামলায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের খুলনা কার্যালয়ের সহকারী বৃক্ষপালনবিদ জাকির হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় যশোর শহরের ঈদগাহ মাঠ এলাকা থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
আদালতের অনুমতি রয়েছে দাবি করে গত বুধবার যশোর-ঝিনাইদহ সড়কের মানিকদিহি এলাকার দুটি মেহগনি গাছ কাটা হয়। বৃক্ষপালনবিদ জাকির হোসেনের উপস্থিতিতে যশোর সদর উপজেলার খোলাডাঙ্গার এনামুল কবির, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুর রহমান ও চূড়ামনকাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তোফাজ্জেল হোসেন ওই গাছ কেটে নিয়ে যান। এ ঘটনায় বৃহস্পতিবার যশোর জেলা পরিষদের বৃক্ষ সংরক্ষণের দায়িত্বপ্রাপ্ত আশরাফ হোসেন যশোর কোতোয়ালি থানায় একটি মামলা করেন।
যশোর কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক শেখ বলেন, ওই চক্রটি আরও অন্তত এক কোটি টাকা মূল্যের ১২টি রেইনট্রি গাছ কাটার প্রক্রিয়া চালাচ্ছিল।