গাছ চুরির সময় বনকর্মীদের গুলিতে এক ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমা বনাঞ্চলের দুর্গম এলাকায় গত বৃহস্পতিবার চুরি করে গাছ কাটার সময় বনকর্মীদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম অধীর ভৌমিক (২৫)। কমলগঞ্জের রাজকান্দি বন রেঞ্জ কার্যালয় সূত্রের বিবরণ অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে ত্রিপুরা সীমান্তবর্তী উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা বনাঞ্চলের হামহাম জলপ্রপাত এলাকায় ২০ থেকে ২৫ জনের একটি দল গাছ কাটছিল। এ সময় কুরমা বন বিট কর্মকর্তা রবীন সিংহের নেতৃত্বে বনকর্মীরা তাদের ধাওয়া করেন। চক্রটি বনকর্মীদের পাল্টা ধাওয়া করে। আত্মরক্ষার্থে বনকর্মীরা গুলি ছুড়লে অধীর ভৌমিক গুলিবিদ্ধ হন। অন্যরা পালিয়ে যান। পরে বনকর্মীরা অধীর ভৌমিককে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতাল এবং পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা অধীরকে মৃত ঘোষণা করেন। কুরমা বন বিট কর্মকর্তা রবীন সিংহ বলেন, গাছচোর চক্র খুবই মারমুখী হওয়ায় বাধ্য হয়ে গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ ব্যক্তিকে দুর্গম এলাকা থেকে হাসপাতালে নিয়ে যেতে বেশ সময় লেগেছে। এ সময় প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তিনি মারা যান। রাজকান্দি বন রেঞ্জ কর্মকর্তা প্রভাত কুসুম আচার্য্য বলেন, এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে নিহত অধীর ভৌমিকের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের বিরুদ্ধে গাছ চুরি ও হামলার অভিযোগে কমলগঞ্জ থানায় মামলা করা হয়েছে।