গাছ ডিআইডিপির, বিক্রি করে দিয়েছে পিইপি
বগুড়ার ধুনট সমন্বিত উন্নয়ন প্রকল্প (ডিআইডিপি) নামের একটি বেসরকারি সংস্থার কোটি টাকা মূল্যের ৫২২টি গাছ দারিদ্র্য নিরসন কর্মসূচি (পিইপি) নামের আরেকটি সংস্থা অবৈধভাবে বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।পিইপির জেলা মাঠ সমন্বয়কারী আবদুল খালেক বলেন, ‘জেলা প্রশাসকের রেজ্যুলেশনের সিদ্ধান্ত মোতাবেক দরপত্র আহ্বান করে গাছগুলো বিক্রি করেছি।’ডিআইডিপির ব্যবস্থাপক আতিকুল হক বলেন, ‘জেলা প্রশাসকের রেজ্যুলেশন ও পিইপির দরপত্রের কোনো বৈধতা নেই। এ বিষয়ে আমরা আদালতে মামলা করেছি। আদালত গাছ বিক্রির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন। তাঁরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে গাছ কাটা অব্যাহত রেখেছেন।’মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ডিআইডিপি ১৯৯৬ সালে উপজেলার বিভিন্ন রাস্তার পাশে নানা ধরনের বনজ গাছ রোপণ করে। উপজেলা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সঙ্গে চুক্তি অনুযায়ী ২০ বছর পর ওই গাছ বিক্রির শতকরা ৬০ ভাগ সংস্থার উপকারভোগী সদস্য, ২০ ভাগ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ২০ ভাগ টাকা ডিআইডিপি সংস্থা পাওয়ার কথা। এ অবস্থায় পিইপির কর্মকর্তা আবদুল খালেক কৌশলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে গত বছরের ৮ সেপ্টেম্বর গাছগুলো সাময়িক তত্ত্বাবধানের দায়িত্ব নেন। গত ২ জানুয়ারি তিনি ৫২২টি গাছ বিক্রির জন্য গোপনে দরপত্র আহ্বান করেন। প্রতিটি গাছের মূল্য গড়ে ২০ হাজার টাকা। এ হিসাবে কোটি টাকার বেশি মূল্যের গাছ মাত্র ২৬ লাখ ৯২ হাজার ৭৫০ টাকায় বিক্রি করা হয়।এর মধ্যে মথুরাপুর-ধেরুয়াহাটি রাস্তার ১২৬টি গাছ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন সাত লাখ ৫৬ হাজার টাকায় ও তাঁর স্ত্রী পারভীন আকতার ১৪০টি গাছ আট লাখ ১৫ হাজার টাকায় কেনেন। অন্যদিকে, মথুরাপুর-কাশিহাটা রাস্তার ২৫৬টি গাছ উপজেলা আওয়ামী লীগের নেতা রেজাউল ইসলামের নামে ১২ লাখ ২১ হাজার ৭৫০ টাকা ক্রয় দেখানো হয়।রেজাউল ইসলাম দাবি করেন, তিনি ওই গাছ কেনার সঙ্গে জড়িত নন। তাঁর নাম কে বা কারা ব্যবহার করেছেন।এদিকে বনি আমিন ২৫ জানুয়ারি গাছ কাটতে শুরু করলে ডিআইডিপির উপকারভোগীরা বাধা দেন। উত্তেজনা ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ডিআইডিপির ব্যবস্থাপক আতিকুল হক বাদী হয়ে ২৮ জানুয়ারি পিইপির কর্মকর্তাদের বিরুদ্ধে বগুড়া প্রথম যুগ্ম জজ আদালতে একটি মামলা করেন।মামলা করায় পিইপির সমর্থকেরা ৪ ফেব্রুয়ারি ডিআইডিপির কর্মকর্তাদের মারধর করে এবং কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। এ ঘটনায় ৭ ফেব্রুয়ারি পিইপির নয়জন কর্মকর্তাকে আসামি করে ধুনট থানায় আরেকটি মামলা করা হয়েছে।ইউএনও ফিরোজ শাহ বলেন, ‘জেলা প্রশাসকের রেজ্যুলেশনে আমাকেসহ পাঁচজনকে গাছ বিক্রির দরপত্র কমিটির সদস্য করা হয়। কিন্তু আমাদের অবগত না করে পিইপি সংস্থার কর্মকর্তারা এককভাবে দরপত্র আহ্বান করেন।’বগুড়া জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ জানান, স্থানীয় প্রশাসনকে গাছ কাটা স্থগিত করতে বলা হয়েছে।