গাছ থেকে পড়ে প্রাণ গেল কাঠুরিয়ার
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ডুমুরতলা গ্রামের কাঠুরিয়া কওছার আলী (৪৮) গাছ থেকে পড়ে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।
পরিবার ও প্রতিবেশী সূত্রে জানা যায়, কওছার আলীর নিজের কোনো জমি ছিল না। দৈনিক মজুরির ভিত্তিতে অন্যের গাছ কেটে দিতেন। তাঁর তিন মেয়ের বিয়ে হয়ে গেছে। স্ত্রী ও তিন ছেলে নিয়ে পাঁচজনের সংসার। বড় ছেলে গোলাম হোসেনের বয়স ২০ বছর। তিনি মাঝেমধ্যে বাবার কাজে সহযোগিতা করতেন। মেজো ছেলে হযরত আলী (১২) মোটর গ্যারেজে কাজ শিখতে ভর্তি হয়েছে। ছোট ছেলে কামরুল ইসলাম (১০) স্কুলে যায়। এভাবে চলছিল পরিবারটি।
ছেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, বাবার খুব ইচ্ছা ছিল নিজের জায়গায় বাড়ি হবে। ইচ্ছাপূরণে তিল তিল করে কিছু টাকা জমিয়ে ও দুটি এনজিও থেকে ৪৫ হাজার টাকা ঋণ নিয়ে তিনি জমি কিনেছিলেন। সেখানে তারা টিনের চালা দিয়ে থাকছে। ইচ্ছা ছিল ঋণের টাকা কিস্তিতে শোধ দেওয়ার পর টাকা জোগাড় করে জমিটি রেজিস্ট্রি করে নেবেন। কিন্তু তার আগেই বাবা মারা গেলেন।
ডুমুরতলা গ্রামের বাসিন্দা ও সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুবুর রহমান বলেন, ৫ জুন সকালে কওছার আলী পাশের সুন্দরপুর বাজারের কাছে গাছ কাটার সময় উঁচু ডাল থেকে পা পিছলে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়।