গাছ দিয়ে সেতু রক্ষার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার গহিনখালী খালের এই সেতুর লোহার পিলার ও বিম বিলীন হওয়ায় স্থানীয় বাসিন্দারা সেতুটি রক্ষায় গাছ দিয়ে ঠেকা দিয়েছেন। গত শুক্রবার তোলা ছবি l প্রথম আলো
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার গহিনখালী খালের এই সেতুর লোহার পিলার ও বিম বিলীন হওয়ায় স্থানীয় বাসিন্দারা সেতুটি রক্ষায় গাছ দিয়ে ঠেকা দিয়েছেন। গত শুক্রবার তোলা ছবি l প্রথম আলো

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার গহিনখালী খালে লোহার পিলার ও বিমের ওপর কংক্রিটের ঢালাই দিয়ে তৈরি সেতুটি দীর্ঘ দিনেও সংস্কার করা হয়নি। কয়েকটি পিলার ও বিম নষ্ট হয়ে সেতুটি কাত হয়ে পড়েছে। এ অবস্থায় এলাকাবাসী গাছের ঠেকনা দিয়ে সেটি রক্ষার চেষ্টা করছেন।
নাম রাঙ্গাবালী সেতু। সেতুটি এতটাই নড়বড়ে যে যেকোনো সময়ে ধসে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। অথচ উপজেলার পাশাপাশি দুটি ইউনিয়নের সড়ক যোগাযোগসহ স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীদের চলাচলের অন্যতম মাধ্যম এটি।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, রাঙ্গাবালী উপজেলা সদর ও পার্শ্ববর্তী ছোট বাইশদিয়া ইউনিয়নের সঙ্গে সড়কপথে যোগাযোগ সহজ করতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গহিনখালী খালের ওপর লোহার পিলার ও বিমের ওপর কংক্রিটের ঢালাই দিয়ে রাঙ্গাবালী সেতু নির্মাণ করে। এই সেতুর উত্তর পাশে রাঙ্গাবালীর বাহেরচর ও দক্ষিণ পাশে ছোট বাইশদিয়ার গহিনখালী।
এলজিইডির উপজেলা কার্যালয় সূত্র জানায়, রাঙ্গাবালী সেতুর দৈর্ঘ্য ৬৫ মিটার ও প্রস্থ ২ মিটার। ১৯৯০ সালে সেতুটি নির্মাণ করা হয়। আর ২০১২ সালে সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সেতুটির এখন জরাজীর্ণ অবস্থা। সেতুর মাঝ বরাবর একটি অংশ ভাঙা। দুই পাশের রেলিং ভেঙে গেছে। উত্তর পাশের অংশে সেতুর লোহার পিলার ও বিম ভেঙে বিলীন হয়েছে। যানবাহন তো দূরের কথা, লোকজনের চলাচলেও সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে সেতুটি। এ অবস্থায় বড় বড় গাছ বসিয়ে ঠেকনা দিয়ে ও নিচে গাছের আড়াআড়ি বিমের মতো রেখে দড়ি দিয়ে বেঁধে তার ওপর সেতুটি কোনো রকমে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এর ওপর দিয়ে মানুষ হাঁটাচলার সময়ে সেতুটি দুলতে থাকে।
বাহেরচর বাজারের মুদি ব্যবসায়ী আব্বাস হাওলাদার বলেন, সপ্তাহে দুই দিন সোম ও বৃহস্পতিবার এখানে হাট (বড় বাজার) বসে। খালের দক্ষিণ পাড়ের গহিনখালীসহ আশপাশ এলাকার মানুষ তাদের এখান থেকেই হাটবাজার করে নিয়ে যেত। কিন্তু সেতুটি এখন এতটাই ঝুঁকিপূর্ণ যে মানুষ এখন সেতুর ওপর দিয়ে চলাচল করতে ভয় পায়। এ কারণে অপর পাড়ের মানুষ এখন তাদের বাজারে কম আসে। এতে করে ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরাও। কারণ, ছোট বাইশদিয়া ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান ও কলেজ নেই। তাই কলেজ ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের এই সেতু পার হয়েই রাঙ্গাবালী এসে লেখাপড়া করতে হয়।
ছোট বাইশদিয়া ইউনিয়নের চত্রাখালী গ্রামের মিথিলা ও জিসান রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে। মিথিলা বলে, পারাপারের সময় সেতুটি দুলে ওঠে, তখন খুব ভয় হয়। জিসান বলে, আসলে সেতুটি ভেঙে পড়লে তাদের লেখাপড়া ভীষণভাবে বিঘ্নিত হবে।
রাঙ্গাবালীর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক বলেন, ছোট বাইশদিয়ার গহিনখালীসহ আশপাশের এলাকা থেকে অন্তত দেড় শ শিক্ষার্থী লেখাপড়া করতে সেতু পেরিয়ে তাঁর স্কুলে আসে। দীর্ঘদিনেও সেতুটি মেরামত কিংবা নতুন করে নির্মিত না হওয়ায় খালের অপর পাড়ের শিক্ষার্থীদের লেখাপড়া নিয়ে তাঁরা উদ্বিগ্ন। সেতুর ওপর দিয়ে যাতায়াত এতটাই ঝুঁকিপূর্ণ যে অভিভাবকদের মধ্যেও ভীতি কাজ করে।
রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন বলেন, এলজিইডি ছয় বছর আগে সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। পরে সংস্কারও করেনি কিংবা নতুন করে সেতু নির্মাণের কোনো উদ্যোগও নেয়নি। বর্তমানে সেতুটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
ছোট বাইশদিয়া ইউপির চেয়ারম্যান এ বি এম আবদুল মান্নান বলেন, আসলে দুই এলাকার ব্যবসা-বাণিজ্য, হাটবাজার, কৃষিকাজ ও লেখাপড়ার জন্য গুরুত্বপূর্ণ বাহেরচর বাজার এলাকার এই সেতু। ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়ে প্রতিদিন বিদ্যালয়, মাদ্রাসা, কলেজপড়ুয়া ছাত্রছাত্রীসহ অন্তত তিন হাজার মানুষ চলাচল করে। দীর্ঘদিন ধরে সেতুর জন্য এলজিইডি কার্যালয়ে লিখিতভাবে আবেদন করা হলেও কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।
এলজিইডির রাঙ্গাবালী উপজেলা প্রকৌশলী মো. এনামুল কবির বলেন, আসলেই সেতুটি এখন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। সেতু নির্মাণের জন্য সমন্বয় কমিটির গত সভায় আলোচনা করা হয়েছে।
এলজিইডির পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী আবু সালেহ মো. হানিফ বলেন, রাঙ্গাবালী সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ওই স্থানে একটি নতুন সেতু প্রয়োজন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।