
কোনো গাছ না কেটে পুনর্নির্মাণ করা হবে যশোর-বেনাপোল জাতীয় মহাসড়ক। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। যশোর সড়ক ও জনপথ বিভাগকে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। সে অনুযায়ী মহাসড়কটির উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) সংশোধনের উদ্যোগ নিয়েছে যশোর সড়ক ও জনপথ বিভাগ। এর আগে মহাসড়কটি দুই পাশের বিভিন্ন প্রজাতির ২ হাজার ৩১২টি গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ২৩ জুন প্রথম আলোয় ‘যশোর-খুলনা ও যশোর-বেনাপোল মহাসড়ক পুনর্নির্মাণে কাটতে হবে ৫ হাজার গাছ!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান মো. এনামূল কবীর বলেছিলেন, গাছগুলো কাটা উচিত হবে না। পাশে গাছ থাকলে সড়কের ক্ষয়রোধ হয়। রাতে গাছে আলো প্রতিফলিত হয়ে দুর্ঘটনার ঝুঁকি কমে। শতবর্ষী গাছগুলো মহিরুহ হিসেবে কাজ করে। ভারতের মতো এখানেও গাছগুলো মাঝখানে রেখে সড়ক সম্প্রসারণ করা সম্ভব।
সওজ বিভাগ খুলনা জোনের অতিরিক্ত প্রকৌশলী মো. রুহুল আমীন প্রথম আলোকে বলেন, যশোর-বেনাপোল মহাসড়কে অনেক শতবর্ষী গাছ রয়েছে। গাছগুলো মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত। মহাসড়কটি পুনর্নির্মাণের জন্য গাছগুলো কাটার সিদ্ধান্ত নেওয়ার পর বিভিন্ন মহল থেকে জোরালো আপত্তি জানানো হয়। মন্ত্রণালয়ের সচিব মহোদয় ১৩ জুলাই গাছগুলো রেখে মহাসড়কটি পুনর্নির্মাণের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সে অনুযায়ী ডিপিপি সংশোধনের কাজ চলছে। গাছ না কেটেই মহাসড়কটি পুনর্নির্মাণ করা হবে।