গাছ পড়ে ঘরচাপায় গৃহবধূর মৃত্যু
নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের বাগরোম গ্রামে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ঝড়ের সময় ভেঙে পড়া গাছের আঘাতে ঘরচাপা পড়ে একজন গৃহবধূ মারা গেছেন। আহত হয়েছেন ১০ জন।
মারা যাওয়া গৃহবধূ বাগরোম গ্রামের আবদুস সাত্তারের স্ত্রী শিল্পী বেগম (৩৫)।
ঝড়ে ওই এলাকার গাছপালা ও ভুট্টাসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুত্সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নাটোর-হালসা সড়কে গাছপালা পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
এলাকাবাসী জানায়, গতকাল দিবাগত রাত দুইটার দিকে বাগরোম গ্রামের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। এ সময় আবদুস সাত্তারের বসতঘরের ওপর একটি গাছ ভেঙে পড়ে। এতে ঘরচাপা পড়ে শিল্পী মারা যান। আহত ১০ জনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হালসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল ওহাব বলেন, ‘আকস্মিক ঝড়ে জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। নিহত গৃহবধূর পরিবারকে আমরা সহায়তা দেওয়ার চেষ্টা করব।’