গাছ পাহারা দিয়ে টাকা পাননি উপকারভোগীরা!
ভোলার উপকূলীয় বন বিভাগ দরপত্র আহ্বান করে গাছ বিক্রি করলেও উপকারভোগী অংশীদারেরা গত এক বছরেও বুঝে পাননি তাঁদের পাওনা টাকা। এমন অভিযোগ করে অংশীদারেরা বলেছেন, স্বেচ্ছাচারিতা করে বন বিভাগ গাছগুলো কম মূল্যে বিক্রি করেছে এক ইট ভাটার মালিকের কাছে। উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ও কার্যালয় সূত্র জানায়, উপকূলীয় সবুজ বেষ্টনীর সামাজিক বনায়ন প্রকল্পের আওতায় ভোলার চরফ্যাশন-আইচা সড়কের দুই পাশের গাছ নীতিমালা অনুসারে কাটার বয়স অতিক্রম করেছে। এ গাছগুলো ১৯৯২-৯৩ অর্থবছরে লাগানো হয়েছে। ১৬ বছর পর গত ২০০৯-১০ অর্থবছরে কুতুবগঞ্জ বুতাওয়ালা বাড়ির সামনে থেকে কাশেমগঞ্জ বাজার এলাকার পাটওয়ারী বাড়ি পর্যন্ত সাড়ে সাত কিলোমিটারের বিভিন্ন প্রজাতির প্রায় আড়াই হাজার গাছ বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হয় এবং দরপত্রে মোট গাছকে ১৪ হাজার ৬৩০ ঘনফুট (টিম্বার কাঠ) ও ২৪ হাজার ৩৫৯ ঘনফুট (জ্বালানি কাঠ) ধরে ২০ লাখ ৮৬ হাজার ৩২২ টাকায় বিক্রি করা হয়। গাছগুলো ক্রয় করেন ঠিকাদার পুলিন, জাকির হোসেন ও টিপু। এ জন্য একজন বন কর্মকর্তা-কর্মচারী গাছ কাটার সময় সার্বক্ষণিক উপস্থিত থাকবেন।বন বিভাগ সূত্র আরও জানায়, নীতিমালা অনুসারে বিক্রিত মূল্যের ৫৫ শতাংশ পাবে উপকারভোগী (গাছের পাহারাদার), ইউনিয়ন পরিষদ পাবে ৫ শতাংশ, বন বিভাগ পাবে ১০ শতাংশ, বৃক্ষ রোপণ তহবিলে যাবে ১০ শতাংশ এবং জমির মালিক (সড়ক ও জনপথ) পাবে ২০ শতাংশ।কয়েকজন উপকারভোগী নাম প্রকাশ না করার শর্তে তাঁদের অভিযোগে জানান, বাজারে একটি গাছের মূল্য আছে তিন থেকে ১০ হাজার টাকা। কিন্তু বন বিভাগ গড়ে একটি গাছ বিক্রি করেছে ৮৩২ টাকায়। এক বছর আগে গাছগুলো বিক্রি হলেও তাঁদের ভাগের টাকা আজও বুঝে পাননি। উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু সাঈদ বলেন, ‘আমরা সম্পূর্ণ নীতিমালা মেনে গাছগুলো বিক্রি করেছি। নীতিমালা অনুযায়ী সুফলভোগীদের মধ্যে টাকা বিতরণ করা হবে।’