গাছ ফেরত দিতে ইউপি চেয়ারম্যানকে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্মায় রাখা সরকারি তিনটি মেহগনিগাছ ফেরত দিতে যশোরের অভয়নগরের সুন্দলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পরিতোষ কুমার বিশ্বাসকে চিঠি দেওয়া হয়েছে। উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা কামিনুল ইসলাম গত বুধবার ওই চিঠি দেন।
চিঠিতে উল্লেখ করা হয়, উপজেলার ধোপাদী থেকে সুন্দলী যাওয়ার রাস্তাসংলগ্ন সুমনের মাছের খামারের পাশে তিনটি মেহগনিগাছ ঝড়ে উপড়ে পড়ে। গাছগুলো উদ্ধার করার পর ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর আপনি নিজের জিম্মায় রেখে দেন। ওই গাছগুলো নিলামে বিক্রি করার প্রক্রিয়া চলছে। গাছগুলো উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে পৌঁছে দেওয়ার জন্য বলা হলো।
তবে কত দিনের মধ্যে গাছগুলো পৌঁছে দিতে হবে, তা চিঠিতে উল্লেখ নেই।
সহকারী ভূমি কর্মকর্তা বলেন, ‘ঝড়ে মাছের খামারের মধ্যে উপড়ে পড়া তিনটি মেহগনিগাছ কেটে ভূমি কার্যালয়ে আনার সময় চেয়ারম্যান পরিতোষ কুমার বিশ্বাস তাতে বাধা দেন। পরে ইউএনও স্যারের পরামর্শে লিখিত নিয়ে গাছ তিনটি ও ডাল তাঁর (চেয়ারম্যান) জিম্মায় রেখে আসি। গাছগুলো নিলামে বিক্রয়ের প্রক্রিয়া চলছে। এ জন্য চেয়ারম্যানকে তাঁর জিম্মায় থাকা গাছগুলো উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে পৌঁছে দেওয়ার জন্য বলা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে তিনি গাছগুলো পৌঁছে দিতে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
নওয়াপাড়া ইউনিয়ন ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, সুন্দলী ইউনিয়ন পরিষদ চত্বরে তিনটি গাছ ও ডাল রাখা ছিল। পরবর্তী সময়ে চেয়ারম্যান গাছ তিনটি বিক্রি করে দিয়েছেন। সম্প্রতি খোঁজ নিয়ে ভূমি কার্যালয়ের কর্মকর্তারা গাছ ও ডালের কোনো সন্ধান পাননি।