গাছ বয়ে দু-পয়সা

বৃক্ষমেলায় পছন্দমতো কয়েকটা গাছের চারা বা ফুলগাছ কিনলেন তো একটা ঝামেলা এসে জুটল। গাছ বয়ে বেড়াবেন, না মেলা ঘুরে দেখবেন? আর কেনা চারা যদি স্টলের জিম্মায় রেখে যান, শেষে ওই বাইরে বয়ে নিয়ে যাওয়ার ঝামেলাটা এড়াতে পারবেন না।
এ সমস্যার সমাধান দিতে প্রস্তুত বৃক্ষবাহকেরা। সামান্য কিছু টাকার বিনিময়ে চাইলে ঝাঁকায় করে চারাগাছ বয়ে বেড়াবে, মেলা দর্শন শেষে গাড়ি পর্যন্তও পৌঁছে দেবে। সংখ্যায় ৪০-৪৫ জন। শিশু থেকে বয়স্ক সব বয়সীই পাবেন।
এদেরই একজন মো. আকাশ (১২)। লিকলিকে শরীরে পুষ্টির অভাব সুস্পষ্ট। তবু সে বোঝা বয়ে দু-পয়সা পেতে খুব আগ্রহী। তিন ভাইবোন আর মাকে নিয়ে আদাবর বস্তিতে থাকে সে। বৃক্ষমেলায় গাছ বয়ে দিয়ে কেমন আয় হচ্ছে—জানতে চাইলে সে বলল, ‘দৈনিক দু-এক শ টাকা পাই। যে যা খুশি হয়ে দেয় । আমরা তো আর চাইতে পারি না!’
আশরাফুলের (১০) বাস আগারগাঁও বস্তিতে, মা-বাবার সঙ্গে থাকে। তার ভাষ্য, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত তারা বৃক্ষমেলায় আসা দর্শনার্থী ক্রেতাদের গাছ বয়ে দেয়। এ থেকে দু-তিন শ টাকা আসে। আশরাফুল বলল, ‘আমারে একবার একজন ১০০ টাকা দিছিল।’ এটাই কোনো ক্রেতার কাছ থেকে তার সর্বোচ্চ প্রাপ্তি বলে দাবি করে সে।
আকাশ ও আশরাফুল জানায়, বৃক্ষমেলার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য মেলায়ও তারা কাজ করে। বাণিজ্য মেলায় তারা কাচের জিনিসপত্র বহন করে। ওদের সঙ্গে কথা বলার সময় একপর্যায়ে আকাশ এক ক্রেতার চারা বয়ে দিয়ে এল। প্রায় ২০ মিনিট পর এসে সে বলল, ‘ভাইয়া, ৪০ টাকা পাইছি।’