গাছ বিক্রির টাকা আত্মসাৎ করলেন প্রধান শিক্ষক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলার মোসলেমগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের একটি গাছ বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির এক নারী সদস্য জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গতকাল রোববার এলাকাবাসীর পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর কাছে পৃথক একটি অভিযোগ দেওয়া হয়েছে। তবে প্রধান শিক্ষক গাছ বিক্রির টাকা বিদ্যালয়ের তহবিলে জমা দিয়েছেন বলে দাবি করেন।অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহিদুল ইসলামের যোগসাজশে ৪ ফেব্রুয়ারি বিদ্যালয় চত্বরের ৩০ বছরের পুরোনো একটি শিশুগাছ কেটে তা বিক্রি করে দেন। গাছটির বাজারমূল্য প্রায় অর্ধলাখ টাকা। বিষয়টি জানাজানি হলে ৬ ফেব্রুয়ারি বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আকতার বানু জয়পুরহাটের জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগ পেয়ে জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন।তবে আকতার বানু গতকাল অভিযোগ করেন, গাছ চুরির সুনির্দিষ্ট অভিযোগ দেওয়া হলেও প্রশাসন আজও ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। ফলে বিষয়টির প্রতিকার চেয়ে শিক্ষামন্ত্রী, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, রাজশাহী বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন স্থানে পুনরায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযুক্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম গাছ কাটার সত্যতা স্বীকার করে দাবি করেন, ‘গাছটি চুরি করে কেটে নেওয়া হয়নি। বহু পুরোনো হওয়ায় এবং গাছটি শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় তা কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। গাছ বিক্রির সাত হাজার টাকা বিদ্যালয়ের তহবিলে জমা দেওয়া হয়েছে।’ বিদ্যালয় পরিচালনা কমিটির মতামত নিয়েই গাছ কাটা হয়েছে বলে দাবি করেন তিনি। কমিটির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় গাছটি কাটার ব্যাপারে সিদ্ধান্ত হয়। ওই সভায় অভিযোগকারী নারী সদস্যসহ দুই সদস্য অনুপস্থিত ছিলেন। গাছটি ১৩ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানান তিনি। কালাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী বলেন, ‘ওই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ আমিও পেয়েছি। তবে এ ব্যাপারে কেউ মামলা না করায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি।’