গাছ যাবে বাড়িতে, বাগান হবে ছাদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগমাধ্যমের ঠিকানায় বা সরাসরি টেলিফোন করে যোগাযোগ করা হলে বাসায় পৌঁছে যাবে গাছ। বাজারমূল্যের চেয়ে কম দামে ফল ও ফুলগাছ, সিমেন্টের টব, মাটি, সার দেওয়া হবে। এ ছাড়া পরিচর্যার পরামর্শও দেওয়া হবে। ছয় মাসের মাথায় গাছে ফল-ফুল না ধরলে তা বদলেও দেওয়া হবে। ঢাকা সিটি করপোরেশন উত্তরের সহায়তায় এমন এক কার্যক্রম শুরু করেছে ‘সবুজ ঢাকা’ নামের একটি সংগঠন।
গতকাল বৃহস্পতিবার সবুজ ঢাকা সংগঠনটিকে উত্তর সিটি করপোরেশন থেকে একটি গাড়ি দেওয়া হয়েছে। গ্রিন ইকো বাস নামের ওই গাড়িটি গাছ ও মাটি নিয়ে রাজধানীতে ঘুরে ঘুরে গাছ পৌঁছে দেবে। প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ০১৭৬৫৫২২৪০৪ নম্বর অথবা green. dhaka 15 @gmail. com-এ ই-মেইল ঠিকানা বা (https://www. facebook. com/ShobujDhaka 15) ফেসবুক পেজে যোগাযোগ করলে সংগঠনটির কর্মীরা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন যেকোনো বাসায় স্বেচ্ছাসেবকদের নিয়ে গাছসহ হাজির হবে। বাড়ির ছাদে গাছ লাগিয়ে দেবে তারা।
সংগঠনটির সমন্বয়কারী রুপাই ইসলাম বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ২০১৭ সালে নগরবাসীর ছাদে যে পাঁচ লাখ গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে, সবুজ ঢাকা তাতে সহায়তা করবে।
সবুজ ঢাকা থেকে জানানো হয়েছে, সাধারণত ছয় মাস বয়সী গাছ তারা ছাদ-বাগানের জন্য দেবে। একেকটি গাছের দাম পড়বে ৫০ থেকে ১০০ টাকা। টবের দাম পড়বে ৬০০ টাকা করে। এ ছাড়া মাটি, সার ও শ্রমিকের জন্য আলাদা খরচ পড়বে।