যশোর-বেনাপোল জাতীয় মহাসড়ক পুনর্নির্মাণের দরপত্র আহ্বান করা হয়েছে। মহাসড়কটির দুই পাশের গাছ না রেখে ১৭ আগস্ট এই দরপত্র আহ্বান করা হয়।
গত ২৩ জুন প্রথম আলোয় ‘যশোর-খুলনা ও যশোর-বেনাপোল, মহাসড়ক পুনর্নির্মাণে কাটতে হবে পাঁচ হাজার গাছ!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান মো. এনামূল কবীর বলেছিলেন, গাছগুলো কাটা উচিত হবে না। পাশে গাছ থাকলে সড়কের ক্ষয়রোধ হয়। রাতে গাছে আলো প্রতিফলিত হয়ে দুর্ঘটনার ঝুঁকি কমে। শতবর্ষী গাছগুলো মহিরুহ হিসেবে কাজ করে। ভারতের মতো এখানেও গাছগুলো মাঝখানে রেখে সড়ক সম্প্রসারণ করা সম্ভব।
যশোর সড়ক ও জনপথ বিভাগ এবং যশোর জেলা পরিষদ সূত্র জানায়, মহাসড়কটির উভয় পাশে বিভিন্ন প্রজাতির ২ হাজার ৩১২টি গাছ রয়েছে।
যশোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহাংগীর আলম বলেন, আগামী ১৮ সেপ্টেম্বর দরপত্র উন্মুক্ত করা হবে। গাছ না কাটার কারণে মহাসড়কটির পুনর্নির্মাণে ব্যয় প্রায় ৫০ কোটি টাকা কমে গেছে।