গাছ হত্যা করতে শিবিরের অটো করাত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর জেলার রায়পুর ও রামগঞ্জ উপজেলায় হরতালে রাস্তার পাশে সরকারি গাছ কাটতে অত্যাধুনিক স্বয়ংক্রিয় (অটো) হাত করাত ব্যবহার করছে জামায়াত-শিবির। এ করাত দিয়ে চার-পাঁচ মিনিটের মধ্যে গাছ কেটে ফেলা হয়। পরে ওই গাছ সড়কে ফেলে অবরোধ করা হয়।গত কয়েক দিনের হরতালে কয়েক শ গাছ কেটে সড়কে ফেলা হয়েছে। সরকারের বিভিন্ন বিভাগ ও সামাজিক বনায়নের এ গাছ কাটা অব্যাহত থাকলে পরিবেশ বিপন্নের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।প্রত্যক্ষদর্শী স্কুলশিক্ষক রাকিবুল হাসান জানান, দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসির আদেশের পর জামায়াত-শিবিরের কর্মীরা রায়পুর-লক্ষ্মীপুর সড়কের পাশে গাছ কেটে ফেলে। প্রায় আড়াই ফুট লম্বা এ করাত মোটরের মাধ্যমে চলে। সুইচ অন করে করাত গাছের গুঁড়িতে চাপ দিয়ে ধরলে চার-পাঁচ মিনিটের মধ্যে গাছ কাটা হয়ে যায়। খোঁজ নিয়ে জানা গেছে, রায়পুর-লক্ষ্মীপুর, রায়পুর-হায়দরগঞ্জ, রায়পুর-হাজীমারা, লক্ষ্মীপুর-রামগঞ্জ, পানপাড়া-রামগঞ্জসহ রামগঞ্জ উপজেলার অভ্যন্তরীণ বিভিন্ন সড়কের কয়েক শ গাছ কেটে ফেলা হয়। বিদ্যুতের মাধ্যমে মোটর চার্জ দিয়ে এ করাত ব্যবহার করা হয়। রামগঞ্জ পৌর ছাত্রশিবিরের দায়িত্বশীল এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শিবিরের ঊর্ধ্বতন নেতারা এ জেলাতে গাছ কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে কয়েকটি অটো করাত পাঠান। সে করাতই এখন কর্মীরা কয়েক স্থানে ব্যবহার করছেন। তবে রায়পুর উপজেলা (উত্তর) শিবিরের সভাপতি এমরান হোসেন পরান এ বক্তব্যে দ্বিমত পোষণ করে বলেন, ‘শিবির নেতা-কর্মীরা কোনো গাছ কাটেনি। এলাকার সাধারণ মানুষ নিজ উদ্যোগে গাছগুলো কেটে ফেলেছে। আমাদের বিরুদ্ধে অপপ্রচার চলছে।’ রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম চৌধুরী বলেন, শিবির কর্মীরা গাছ কাটতে অটো করাত ব্যবহার করছেন। বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। তাঁদের আইনের আওতায় আনতে অভিযান চালানো হবে। তা ছাড়া গাছ কাটার ঘটনা রায়পুর থানায় একটি মামলা হয়েছে।