গাছকে শত্রু ভাবছে মনপুরার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার মনপুরার মানুষ গাছকে এখন শত্রু মনে করছেন। কারণ, ঝড়ে ৭০ ভাগ ঘর বিধ্বস্ত হয়েছে গাছ উপরে পড়ে।এসব গাছ উপড়ে পড়ার প্রধান কারণ গাছের মূল মাটির গভীরে না যাওয়া। মূল মাটির গভীরে না গিয়ে চারপাশে ছড়িয়ে যায়। এমন গাছগুলোর মধ্যে অন্যতম রেইন্ট্রি। সচেতনতার অভাবে উপকূলের মানুষ বাড়ির আঙিনায়, ঘরের আশপাশে এসব গাছ লাগান। একসময় গাছকে বন্ধু মনে করে মনপুরার মানুষ ৪০-৪৫% জমিতে গাছ লাগিয়েছেন।উপজেলা পরিষদের তথ্যমতে, ১০ অক্টোবর রাতের ঝড়ে মনপুরায় সাধারণ মানুষের ৫০ হাজার গাছ ভেঙেছে। এ ছাড়া বন বিভাগের গাছ ভেঙেছে প্রায় ছয় হাজার। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় আট হাজার ঘর। ৭০ ভাগ ঘরের ওপর আঙিনার গাছ শিকড়সুদ্ধ উপড়ে পড়েছে।মনপুরা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শরীফুল আলম জানান, শ্বাসমূলীয় বনের কোনো ক্ষতি হয়নি বললেই চলে। শিশু, মেহগনি, রেইনট্রি, অর্জুন, নাটাই, খইয়্যা বাবলা, জারুল, সাদা কড়াই—এসব গাছের ক্ষতি হয়েছে বেশি। এসব গাছের গোড়ায় মাটি ছিল না, গভীরেও না। যেটুকু ছিল, টানা চার-পাঁচ দিনের বৃষ্টিতে গাছের মূলের মাটি সরে নরম হয়েছিল। তারপর ঘূর্ণিঝড়ে সব গাছ উপড়ে পড়েছে।উপজেলার হাজীরহাট ইউনিয়নের ফকিরহাট এলাকার অশীতিপর মো. হোসেন বলেন, ‘চাইর ঘণ্টার ঝড়ে সব শ্যাষ অই যাইত। গাছ আমগো উপকারও করছে, খেতিও (ক্ষতি) করছে।’ দম নিয়ে বৃদ্ধ ফের বলেন, ‘যে গাছের উছিলায় আল্লায় আমগো জীবন বাঁচাই তো, হেই গাছ সব শ্যাষ...শ্যাষ।’উপজেলার চর যতীনের জেলে সাইফুল ইসলাম জানান, রাত ১২টার পর ঝড় শুরু হলেও তেমন টের পাননি। টের পেয়েছেন যখন ঘরের ওপর রেইনট্রি গাছটি ভেঙে পড়ল। কমপক্ষে ২০ বছরের পুরোনো গাছটি একদম উপড়ে গেছে। শিকড়গুলো চারপাশে ছড়িয়ে গেছে প্রায় পাঁচ-ছয় হাত। কিন্তু কোনো শিকড় মাটির গভীরে ছিল না। সাইফুল আরও বলেন, ‘এত্ত মোটা একটা গাছের মূল একটুও গভীরে যায়নি। অবাক কাণ্ড! এ গাছ তো ঘরের পাশে লাগানো আর যমের সঙ্গে বসত করা এক কথা।’চর ফয়জুদ্দিনের আবু কালাম জানান, তাঁর ২০-২৫ বছর বয়সী ২৫টি গাছ ঝড়ে বিধ্বস্ত হয়েছে। তিনটি গাছ কাণ্ড থেকে ভেঙেছে। বাকিগুলো সব উপড়ে গেছে। যে তিনটির কাণ্ড থেকে ভেঙেছে, সেগুলোর বীজ তিনি বপন করেছিলেন। বাকিগুলো ছিল নার্সারি থেকে আনা চারা।উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা গোপীনাথ দাস ও উপসহকারী কৃষি কর্মকর্তা সীতারাম দে জানান, সাধারণত নার্সারির চারায় শিকড় চারপাশে গজায়। গভীরে কম যায়। আর বীজের চারা মাটির গভীরে ও চারপাশে সমান হারে ভেদ করে। ইউএনও অহিদুল ইসলাম জানান, মনপুরায় প্রচুর গাছ, সে গাছই মানুষকে রক্ষা করেছে। আবার যার ঘরের পাশে গাছ ছিল, সেই গাছ উপড়ে পড়ে ঘর ভেঙেছে। আবার যার বাড়িতে গাছ ছিল না, তার মজবুত ঘরও উড়ে গেছে। প্রতিটি মানুষকে নিয়ম মেনে গাছ লাগিয়ে যত্ন নিতে হবে। ঘরের পাশে রেইনট্রি-জাতীয় গাছ লাগানো যাবে না।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শান্তিরঞ্জন মণ্ডল বলেন, ‘আমরা কৃষকদের গাছ লাগানোর ওপর প্রশিক্ষণ দিই। কিন্তু দুর্যোগ থেকে বাঁচতে গাছ রোপণ, যত্ন, বাড়ির পাশে কী গাছ লাগানো উচিত তার ওপর একটি প্রশিক্ষণ দরকার।’