গাছগুলো এখন 'মরণ ফাঁদ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল শহরের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে উপড়ে পড়ে আছে একটি কৃষ্ণচূড়াগাছ। বৃহস্পতিবারের ছবি l প্রথম আলো
টাঙ্গাইল শহরের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে উপড়ে পড়ে আছে একটি কৃষ্ণচূড়াগাছ। বৃহস্পতিবারের ছবি l প্রথম আলো

একসময় কৃষ্ণচূড়ার ফুলে লাল হয়ে যেত টাঙ্গাইল শহরের জেলা সদর এলাকা। এখন গাছগুলো বয়সের ভারে ন্যুব্জ। ফুলও তেমন ফোটে না। সামান্য বাতাসে ভেঙে পড়ে ডালপালা। শিকড় উপড়েও পড়ছে কোনোটির। এ কারণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে শহরবাসী।

বর্তমানে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে একটি গাছ উপড়ে পড়ে আছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালত এলাকায়ও সম্প্রতি একটি গাছের ডাল ভেঙে পড়ে। ছুটির দিন থাকায় এতে কেউ হতাহত হয়নি।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) টাঙ্গাইল অঞ্চলের গবেষণা কর্মকর্তা সোমনাথ লাহিড়ী বলেন, বৃক্ষ সংরক্ষণ ও ব্যবস্থাপনা কমিটির অনুমোদন নিয়ে গাছগুলো কাটার উদ্যোগ নেওয়া যেতে পারে। ঝুঁকিপূর্ণ গাছ কেটে সেখানে আরও বেশি গাছ লাগানো যেতে পারে।

জেলা গণপূর্ত অফিস সূত্রে জানা যায়, ১৯৬৯ সালে টাঙ্গাইল জেলা উদ্বোধন করা হয়। জেলা পর্যায়ে সব অফিস, আদালত ও সরকারি কর্মকর্তাদের আবাসন গড়ে তোলার জন্য শহরের ধুলেরচর এলাকার লৌহজং নদের তীরে ভূমি অধিগ্রহণ করা হয়। সেখানেই গড়ে তোলা হয় জেলা পর্যায়ের সব অফিসের স্থাপনা। এটি জেলা সদর এলাকা হিসেবে পরিচিতি লাভ করে। স্বাধীনতার পর আশির দশকের শুরুতে এই এলাকার সৌন্দর্য বৃদ্ধির জন্য শতাধিক কৃষ্ণচূড়াগাছ লাগানো হয়। এর প্রায় ৩০টি গাছ এখনো রয়েছে। এত দিনে নরম ও ভঙ্গুর হওয়ায় সামান্য বাতাস বা বৃষ্টি হলেই গাছগুলোর ডাল ভেঙে পড়ে। অনেক সময় শিকড় উপড়ে যায়। গত কয়েক বছরে জেলা সদর এলাকায় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এতে অনেকেই আহত হন।

টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা মাসুদ রানা বলেন, কৃষ্ণচূড়াগাছের ডালপালা ও শিকড় খুবই নরম ও ভঙ্গুর। কৃষ্ণচূড়াগাছ সাধারণত ৩০-৪০ বছর ভালোভাবে বাঁচে।

গত বৃহস্পতিবার সরেজমিন দেখা যায়, আদালত এলাকা, পুলিশ অফিসের সামনের সড়ক, শিশু একাডেমিক হয়ে জেলা পরিষদ সড়ক, সার্কিট হাউস থেকে সরকারি কর্মকর্তাদের আবাসন এলাকা, শামছুল হক তোরণ এলাকায় প্রায় ৩০টি কৃষ্ণচূড়াগাছ রয়েছে। এই এলাকায় দেখা যায় অনেক গাছের ডাল ভেঙে পড়ার চিহ্ন। পুলিশ অফিসের কাছে একটি গাছ উপড়ে পড়ে আছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালত এলাকায় গাছগুলোর নিচেই আইনজীবীদের বসার জায়গা। ঝুঁকির মধ্যে সেখানে বসে কাজ করছেন আইনজীবী ও বিচারপ্রার্থী মানুষ।

জ্যেষ্ঠ আইনজীবী এস আকবর খান বলেন, এ গাছগুলো উপড়ে পড়ে বা ডাল ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে। তাই এগুলো কাটার উদ্যোগ নেওয়া দরকার।

টাঙ্গাইল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভুরাম পাল বলেন, গাছগুলো বিভিন্ন বিভাগের নিয়ন্ত্রণাধীন। তাদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।