গাছগুলো কেটেই ফেলা হবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে রাস্তার পাশের শতবর্ষী সরকারি গাছগুলো আবারও কাটা হচ্ছে। বিগত জোট সরকারের সময় বেশকিছু গাছ কাটা হয়েছিল। বর্তমানে গাছগুলো কাটছেন যশোর জেলা যুবলীগের সদস্য এনামুল কবীর এবং ঝিনাইদহ জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলী। তাঁদের দাবি, দরপত্রের মাধ্যমেই তাঁরা গাছগুলো কাটছেন। এ ব্যাপারে আদালতের আদেশও আছে।সরেজমিনে দেখা যায়, মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি হাইস্কুল, গার্লস স্কুল ও আমঝুপি কৃষি খামারের সামনের বিশালাকৃতির তিনটি শতবর্ষী রেইন্ট্রি, কড়ই ও মেহগনি গাছ কাটা হচ্ছে। শ্রমিক ছাদেক আলী জানান, তাঁরা ১০০ শ্রমিক যশোর থেকে এসে তাঁবু গেড়ে কাজ করছেন। এ পর্যন্ত চারটি গাছ কাটা হয়েছে। আরও ১৩টি কাটা হবে।স্থানীয় কাঠ ব্যবসায়ী ফজলুল হক জানান, এসব গাছের প্রতিটির মূল্য সাত-আট লাখ টাকা। অথচ ১৩টি গাছের দরপত্র হয়েছে মাত্র তিন লাখ টাকায়। জোট সরকারের সময়ও বিএনপির নেতারা একইভাবে নামমাত্র মূল্যে ৩৭টির কথা বলে ৮৭টি গাছ কেটেছিল। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন খান বলেন, তাঁর ইউনিয়নের সড়কের চারটি তাজা গাছ কাটা হয়েছে, যাঁরা কাটছেন তাঁরা বৈধ কাগজ দেখাতে পারেননি।এ ব্যাপারে যশোর জেলা যুবলীগের সদস্য এনামুল কবীর জানান, আদালতের আদেশেই তাঁরা গাছ কাটছেন। তাজা এবং বড় গাছগুলো কেন কাটা হচ্ছে, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাজশাহী বৃক্ষ পালন বিভাগ ও স্থানীয় সওজের দেখানো গাছই তাঁরা কাটছেন। ঝিনাইদহ জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলী জানান, তাঁরা ২০০২ সালে রাজশাহী বৃক্ষ পালন বিভাগ থেকে দরপত্রের মাধ্যমে তিন লাখ টাকায় এই গাছগুলো কেনেন। তখন এই গাছের মালিক ছিল সওজ। দরপত্রের দুই-তিন দিন পরই গাছের মালিকানা দাবি করে মেহেরপুর জেলা পরিষদ জেলা জজ আদালতে মামলা করলে আদালত জেলা পরিষদের পক্ষে রায় দেন। ফলে তখন গাছ কাটা বন্ধ হয়ে যায়। তখন এনামুল উচ্চ আদালতে মামলা করেন। গত ১৫ নভেম্বর হাইকোর্টের এক আদেশে সওজের মালিকানা বৈধ উল্লেখ করে এক মাসের মধ্যে গাছগুলো কাটার জন্য বাদী ও সংশ্লিষ্টদের অনুমতি দেওয়ায় তিনি এখন গাছগুলো কাটছেন। আদালতের একই আদেশবলে তিনি যশোর, ঝিনাইদহ ও বেনাপোল সড়কের আরও অর্ধশত গাছ পর্যায়ক্রমে কাটবেন বলে জানান। মামলার বাদী আরজিতে উল্লেখ করেন, গাছগুলো মরা, না কাটলে সড়কের ক্ষতি ও প্রাণহানি হতে পারে। তা ছাড়া সড়ক সম্প্রসারণের জন্য গাছগুলো কাটার প্রয়োজন। তবে কোন কোন গাছ কাটার দরপত্র তাঁরা পেয়েছেন এবং গাছ কাটার কার্যাদেশপত্র কোনো কিছুই তাঁরা দেখাতে পারেননি। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, গাছ জীবিত কি না বা ছোট গাছের আড়ালে বড় গাছ কাটা হচ্ছে কি না, তা দেখবে সংশ্লিষ্ট ব্যক্তিরা। আদালতের আদেশ থাকায় পুলিশ গাছ কাটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়ামত উল্লা ভূঁইয়া গাছগুলো তাঁদের দাবি করে বলেন, গাছ কীভাবে কাটা পড়ছে তা তাঁর জানা নেই। তিনি বলেন, ‘গাছ কাটা বন্ধে মন্ত্রণালয় ও স্থানীয় পুলিশের কাছে চিঠি পাঠিয়েছি।’ মেহেরপুর সওজের উপবিভাগীয় প্রকৌশলী হিসাব উদ্দিনও গাছগুলো তাঁদের দাবি করে বলেন, কারা কীভাবে গাছ কাটছে তা রাজশাহী পশ্চিমাঞ্চলীয় বৃক্ষ পালন বিভাগ কর্তৃপক্ষ জানে। এ ব্যাপারে রাজশাহী বৃক্ষ পালন বিভাগের নির্বাহী বৃক্ষ পালনবিদ কামাল উদ্দিন জানান, ২০০২ সালে দরপত্রের মাধ্যমে তাঁরা গাছগুলো বিক্রি করেন। বহু পুরোনো দরপত্র হওয়ায় দরপত্র-মূল্য কত এবং কত নম্বরের কতটি গাছ কাটার কথা বলা আছে তা জানা নেই। তবে মরা ছোট গাছের আড়ালে বড় জীবিত গাছ কাটা হচ্ছে কি না এবং দরপত্র-মূল্য নামমাত্র কেন বিষয়টি তিনি খতিয়ে দেখবেন উল্লেখ করে বলেন, এখন থেকে তাঁরা সড়কের পাশের বড় বড় গাছ দরপত্রের মাধ্যমে বিক্রি করার ব্যাপারে আরও সতর্ক হবেন।