গাছগুলোর এ কী হাল!
সিলেট নগরের সৌন্দর্য বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ রাস্তা ধোপাদিঘির পাড় এলাকা থেকে বন্দরবাজার পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়কের মধ্যবর্তী স্থানে সারিবদ্ধভাবে কাঁটা মেহেদি, ঝাউগাছসহ বিভিন্ন জাতের ১০০টি গাছের চারা লাগানো হয়েছিল। কিন্তু রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার অভাবে গাছগুলোর অধিকাংশই এখন মৃতপ্রায়। বেশ কিছু গাছের ডালপালা শুষ্ক হয়ে ঝরে পড়েছে।সরেজমিনে দেখা যায়, অন্তত ২০টি গাছ মরে ডালপালা শুকিয়ে কোনোমতে দাঁড়িয়ে রয়েছে। স্থানে স্থানে স্টিলের রেলিংগুলোও ভাঙা। এসব ভাঙা অংশ দিয়ে মানুষ চলাচল করায় গাছগুলো পথচারীদের পায়ের নিচে পিষ্ট হয়ে বিনষ্ট হয়ে গেছে।সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ২০০৬ সালে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে নগরের সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় ধোপাদিঘির পাড়-বন্দরবাজার সড়কের মাঝখানে ১০০টি গাছের চারা রোপণ করা হয়। এ সময় এগুলোর দেখভাল করার দায়িত্ব দেওয়া হয় সিটি করপোরেশন কর্তৃপক্ষকে। সিটি করপোরেশনের লোকবল সংকটের কারণে গাছগুলোর যত্ন ও পরিচর্যা করা সম্ভব হচ্ছে না বলে সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা জানিয়েছেন। সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ‘আমরা মাঝেমধ্যে গাছে পানি দিয়েছি। তবে সাম্প্রতিক সময়ে বেশ কিছু গাছ চুরি হয়ে গেছে। নতুন করে গাছ লাগানোর একটি পরিকল্পনা সিটি করপোরেশন কর্তৃপক্ষের রয়েছে।’