গাছচাপায় ছাত্রী ও মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার গাছের নিচে চাপা পড়ে শারমিন আক্তার তিশি (১১) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ছাড়া গত সোমবার সেনবাগ উপজেলায় মাটিচাপায় মো. সুমন (২৮) নামের এক ইটভাটার শ্রমিক মারা যান।
স্থানীয় ও বেগমগঞ্জ থানা সূত্র জানায়, গতকাল মির্জানগর গ্রামের ভেতরে রাস্তার পাশের একটি আমগাছ কাটছিলেন স্থানীয় এক ব্যক্তি। দুপুর ১২টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার সময় গাছটি শারমিনের ওপর পড়ে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। শারমিন স্থানীয় মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। সে উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের তালুয়া চাঁদপুর গ্রামের দ্বীন ইসলামের মেয়ে।
পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। তবে শারমিনের পরিবার এ ঘটনায় থানায় অভিযোগ দিতে রাজি না হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাফন করার অনুমতি দেওয়া হয়।
এদিকে সেনবাগ থানা সূত্র জানায়, সোমবার রাতে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে এসবিএম নামের একটি ইটভাটায় কাজ করার সময় স্তূপ করে রাখা মাটি ধসে পড়লে শ্রমিক সুমন চাপা পড়েন। গুরুতর অবস্থায় উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সুমনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার আন্ধারমানিক গ্রামে।