গাছচোর গ্রেপ্তারের দাবিতে জামালপুরে ট্রেন অবরোধ
গাছচোরদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সোমবার জামালপুর সদরের নরুন্দিতে ট্রেন অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলন ও স্থানীয় এলাকাবাসী এ কর্মসূচির আয়োজন করে। জানা গেছে, অবরোধকারীরা সকাল নয়টা ৫০ মিনিটে ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেন এবং চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি মেইল ট্রেন নরুন্দি স্টেশনে প্রায় ১০ মিনিট অবরোধ করে রাখে। এ সময় ট্রেনের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের আহ্বায়ক জাহাঙ্গীর সেলিম, এমদাদুল হক, মোতালেব হোসেন প্রমুখ। বক্তারা সম্প্র্রতি নরুন্দি-গোপালপুর ও কানিল-নরুন্দি রাস্তা এবং জামালপুর শহরের শহীদ জিয়াউর রহমান কলেজসংলগ্ন ব্যক্তিমালিকানাধীন একটি বাগান থেকে গাছ চুরির তীব্র প্রতিবাদ জানান। তাঁরা অভিযোগ করেন, গাছচোরেরা আন্দোলনকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরসহ নানাভাবে হুমকি দিয়ে আসছে। তাঁরা গাছচোরদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।