গাছটি এখন 'জীবন্ত স্মৃতিসৌধ'
আমগাছটি কেউ আর কোনো দিন বিক্রি করতে পারবে না। এটি এখন অমূল্য সম্পদে পরিণত হয়েছে। একাত্তরে এই গাছের সঙ্গে আট মুক্তিযোদ্ধাকে বেঁধে গুলি করা হয়েছিল। তাঁদের সাতজন মারা যান। দৈবক্রমে বেঁচে যাওয়া একজনসহ গাছটি এখনো বেঁচে আছে। আছে গায়ে বুলেটের চিহ্ন। মালিক এবার গাছটি বিক্রি করতে চেয়েছিলেন। আওয়ামী লীগের স্থানীয় নেতারা গাছটি কিনে নিয়ে এটিকে ‘জীবন্ত স্মৃতিসৌধ’ ঘোষণা করেছেন। গাছটি নাটোরের লালপুর উপজেলার ময়না গ্রামে।
১৯৭১ সালের ২৬ মার্চ দেশের স্বাধীনতা ঘোষণার মাত্র চার দিনের মাথায় ৩০ মার্চ পাকিস্তানি বাহিনীকে প্রতিরোধ করতে গিয়েছিলেন নাটোরের লালপুরের ময়না গ্রামের মানুষ। তাঁদের মাঝে আব্দুস সামাদও ছিলেন। তিনি তখন যুবক। বড় ময়না গ্রামেই তাঁর বাড়ি। তিনি বলেন, পাকিস্তানিরা এসেছে শুনে তাঁরা লাঠিসোঁটা নিয়ে প্রতিরোধ করতে ছুটে আসেন। গোপালপুর রেলগেট পর্যন্ত এসে পাকিস্তানি বাহিনীর গুলির মুখে তাঁরা আর দাঁড়াতে পারেননি। সরতে সরতে চলে যান ময়না গ্রামে। হানাদারেরা তাঁদের ঘিরে ফেলেছে বুঝতে পেরে তাঁরা আট যুবক একটি গর্তের মধ্যে লুকান। সেখান থেকে তাঁদের বের করে আনে হানাদার বাহিনী। তারপর গ্রামের একটি আমগাছের সঙ্গে আটজনকে বেঁধে তাঁদের ওপরে গুলি চালায়।
আব্দুস সামাদ জানান, আনসার বাহিনীর প্রশিক্ষণ ছিল তাঁর। গুলি করার সঙ্গে সঙ্গে আন্দাজ করে লাফিয়ে উঠেছিলেন। এতে গুলিটা তাঁর পেটে না লেগে উরুতে বিঁধে। অন্যদের সঙ্গে মরার মতো পড়ে থাকেন। সবার মৃত্যু হয়েছে ভেবে ওরা তাঁদের গায়ের ওপর পা মাড়িয়ে চলে যায়। এরপর সারা দিন গোলাগুলির শব্দ। তিনি মরার মতো পড়ে রইলেন। রাত আটটার দিকে চারদিক একটু নিস্তব্ধ হয়ে এলে সেখান থেকে উঠে লোকালয়ে যান তিনি। দূর-দূরান্ত থেকে মানুষ এখনো গাছটি দেখতে আসে, জানালেন সামাদ।
লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী জানান, গাছটির মালিক আবু রায়হান মোল্লা অত্যন্ত গরিব মানুষ। অভাবের কারণে সম্প্রতি গাছটি বিক্রি করতে চেয়েছিলেন। বিষয়টি তাঁরা জানতে পেরে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গাছটি কেনার প্রস্তাব দেন। বাজারদর হিসেবে গাছটির দাম হয় সাড়ে পাঁচ হাজার টাকা। তাঁরা সেই টাকা দিতে চাইলে রায়হান রাজি হন।
ইসাহক আলী বলেন, গাছটি যত দিন বাঁচে রায়হানের পরিবার গাছের ফল ভোগ করবে। কিন্তু কোনো দিন কাটতে পারবে না। কেনার পর গাছটিকে তাঁরা ‘জীবন্ত স্মৃতিসৌধ’ ঘোষণা করেছেন।