গাছটি হত্যার প্রস্তুতি সম্পন্ন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সারিতে ১৭টি রেইনট্রিগাছ। এর মধ্যে সবচেয়ে বড় গাছটির গোড়ায় রয়েছে টিনের ছাউনির ঘরের মতো স্থাপনা—স্টাফ কোয়ার্টার। গাছ বড় হওয়ায় স্থাপনার দেয়ালে ফাটল দেখা দিয়েছে। তাই স্থাপনা রক্ষায় কেটে ফেলা হচ্ছে ছায়াবৃক্ষ সারির সবচেয়ে বড় গাছটি। সিলেট ওসমানী মেডিকেল কলেজের আবু সিনা ছাত্রাবাসের এ গাছগুলো নগরের চৌহাট্টা ভিআইপি সড়কের সংযোগ দাড়িয়াপাড়া রাস্তার পশ্চিম দিকে পথচারীদের ছায়া দিয়ে আসছিল। বড় গাছটির ডালপালা কুড়াল দিয়ে কেটে মূল গাছ কাটার প্রস্তুতি শুরু হয় গত মঙ্গলবার। গতকাল বৃহস্পতিবার দুপুরে গিয়ে দেখা গেছে, মূল গাছ কাটার কসরতে রয়েছেন শ্রমিকেরা।স্থানীয় কয়েকজন জানান, ছাত্রাবাসের এক পাশে টিনের ছাউনির কয়েকটি স্থাপনা রয়েছে। এগুলোতে কর্মচারীরা থাকেন। এর মধ্যে বড় গাছটির গোড়ায় নির্মিত আধাপাকা স্থাপনার দেয়ালে ফাটল দেখা দেয়। ওই ফাটল দেখে গত শনিবার থেকে গাছটির ডালপালা কাটা শুরু হয়। ছাত্রাবাসের একজন বাসিন্দা বলেন, গাছটির বয়স ২০ থেকে ২৫ বছর হবে। আর গাছের গোড়ায় স্টাফ কোয়ার্টার নির্মাণ করা হয় প্রায় ১০ বছর আগে। এ অবস্থায় স্থাপনা সরিয়ে ফেললে গাছ রক্ষা পেত। বন বিভাগ সূত্র জানায়, সরকারি বা বেসরকারি যেকোনো জায়গায় গাছ কাটতে হলে আগে বন বিভাগের অনুমতি নিতে হয়। সিলেটের সহকারী বন সংরক্ষক পরিমল চন্দ্র পাল প্রথম আলোকে জানান, কোনো গাছ ঝুঁকিপূর্ণ হলে বন বিভাগকে অবহিত করতে হয়। বন বিভাগ পরিদর্শন করে অবস্থা পর্যবেক্ষণ করে। এ ক্ষেত্রে গাছের বয়স এবং ঝুঁকির মাত্রা বেশি হলে বন বিভাগের অনুমতি সাপেক্ষে গাছ কাটা যায়। তবে গাছ কাটার আগে নতুন গাছ রোপণ করার নির্দেশনা দেওয়া হয়। আবু সিনা ছাত্রাবাসে রাস্তার ছায়াবৃক্ষগুলো কাটার জন্য কেউ বা কোনো কর্তৃপক্ষ বন বিভাগ থেকে অনুমতি নেয়নি বলে পরিমল চন্দ্র পাল নিশ্চিত করেন।গাছ কাটার তদারকিতে থাকা লোকজন জানান, তাঁরা ঠিকাদারের কাছ থেকে ৭০ হাজার টাকায় কিনে গাছটি কাটছেন। এ সংক্রান্ত কোনো কাগজপত্র আছে কি না—জানতে চাইলে তাঁরা সরাসরি ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করতে বলেন। ঠিকাদার মাসুদ রানা দাবি করেন, ছাত্রাবাসের তদারক কর্তৃপক্ষ গণপূর্ত বিভাগের কাছ থেকে নিলামের মাধ্যমে তিনি গাছ কাটার ঠিকাদারি নিয়েছেন। বন বিভাগ অবহিত নয় বলে তাঁকে জানালে মাসুদ বলেন, ‘এটা তো আমার জানার বিষয় না। সরকারি জায়গায় সরকারের একটি প্রতিষ্ঠান (গণপূর্ত বিভাগ) গাছ কাটাতে নিলাম দিয়েছে। আমি নিলামে অংশ নিয়ে গাছটি এনেছি।’ গণপূর্ত বিভাগ সিলেটের উপহসহকারী প্রকৌশলী মুকুল চন্দ্র দাশ আবু সিনা ছাত্রাবাসের স্টাফ কোয়ার্টার রক্ষায় একটি গাছ কাটতে নিলাম দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে বন বিভাগ থেকে অনুমতি নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারি কোনো কাজই তো অনুমতি ছাড়া হয় না। আমরা বন বিভাগ থেকে অনুমতি নিয়েই গাছ কাটার নিলাম দিয়েছি।’ তাহলে বন বিভাগ কেন জানে না—এমন প্রশ্নে উপসহকারী প্রকৌশলী বলেন, ‘উনি (সহকারী বন সংরক্ষক) আসলে না জেনেই বলেছেন।’