গাছতলায় ১৮ বছরের কর্মতৎপরতা

জিয়া সরদার। বয়স (৩৮)। এই জীবনের প্রায় অর্ধেকই তিনি কাটিয়েছেন মানুষের চুল-দাড়ি কাটিয়ে। তা-ও রাস্তার ধারে ও গাছের ছায়ায় দাঁড়িয়ে।
জিয়া বর্তমানে নরসুন্দরের কাজ করেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামে। এ গ্রামে রাস্তার বাঁশঝাড়ের পাশে একটি তক্তার ওপর জিনিসপত্র রেখে মানুষের চুল-দাড়ি কেটে চলেন তিনি।
জিয়া জানান, তাঁর বাড়ি জেলার পাংশা উপজেলার কলিমহর গ্রামে। সেখানে তাঁর স্ত্রী ও তিন সন্তান রয়েছে। অভাবের সংসারে বেশিদূর পড়াশোনা করতে পারেননি। সংসারের হাল ধরতে নরসুন্দরের কাজ শেখেন। সাত-আট বছর পর চলে আসেন গোয়ালন্দের দেবগ্রাম ইউনিয়নের বেথুরী গ্রামে। বেথুরী বাজারের পাশে গাছতলায় বসে কাজ করতেন তিনি। সারা দিন কাজ শেষে রাতে থাকতেন স্থানীয় এক বাড়িতে। গত বছর বেথুরী বাজারসহ অধিকাংশ জমি নদীতে বিলীন হয়ে যায়। এ কারণে এলাকাবাসীর অনেকে অন্যত্র চলে যায়। তিনিও দুই মাস আগে আশ্রয় নেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের কাছে।
সম্প্রতি এক দিন জিয়ার কাছে দাড়ি কাটাচ্ছিলেন স্থানীয় নিজাম শেখ (৬৫)। নিজাম জানান, চুল-দাড়ি কাটানোর জন্য এখন আর তাঁদের পাঁচ-ছয় কিলোমিটার দূরের গোয়ালন্দ বাজারে যেতে হয় না। তা ছাড়া জিয়ার ব্যবহার ভালো। টাকাও কম নেন তিনি।
ইউপি চেয়ারম্যান আতর আলী সরদার বলেন, ‘রাস্তার পাশে সে যেন কাজ করতে পারে, এ জন্য ঘর তৈরিতে সহযোগিতার কথা বলেছি।’