গাছতলায় চলছে পাঠদান
পদ্মা নদীতে বিলীন হয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরাঞ্চলের পাকা ইউনিয়নের চরপাকা মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে গাছতলায় ও স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক কক্ষে। এতে তাদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক বলেন, গত ২২ অক্টোবর পদ্মা নদীর তীব্র ভাঙনে রাতারাতি বিলীন হয়ে যায় বিদ্যালয়ের ভবন। এরপর থেকে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের সামনে গাছতলায় ও কেন্দ্রের আবাসিক কক্ষে ক্লাস করতে হচ্ছে। স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক কক্ষগুলোয় কেউ না থাকায় এবং কেন্দ্রের কার্যক্রম নিয়মিত না হওয়ায় পাঠদান করার আপাতত সুযোগ পাওয়া যাচ্ছে। এখানেও পাঠদান করতে নানা সমস্যা হচ্ছে।
প্রধান শিক্ষক আরও বলেন, পাকা ইউনিয়নের মধ্যপাড়া, নামো দশ রশিয়া, উপর দশ রশিয়া, হলদিপাড়া, ঝাইলপাড়াসহ আটটি গ্রামের শিক্ষার্থীরা এ বিদ্যালয়ে পড়ে। এখানে শিক্ষার্থীর সংখ্যা ৩৩৩ জন। উপস্থিতির সংখ্যাও ভালো (৯২-৯৫%)। ফলাফলও ভালো। এখান থেকে প্রায় প্রতিবছরই বৃত্তি পায় শিক্ষার্থীরা।
শামসুল হক জানান, বিদ্যালয়ের নিজস্ব জমি রয়েছে। ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে কিছু ঢেউটিনও পাওয়া গেছে। কিন্তু অর্থের অভাবে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ তৈরি করা যাচ্ছে না। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।
এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলরুবা বেগম বলেন, এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।