গাছতলায় চলছে বিদ্যালয়ের পাঠদান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারান্দার থামগুলোর গোড়ায় ঢালাই খুলে গিয়ে বেরিয়ে পড়েছে লোহার রড। পলেস্তারা খসে পড়ছে শ্রেণীকক্ষের ছাদ থেকে। মাথায় যেকোনো সময় ভেঙে পড়তে পারে পাকা চাঁই। সে আতঙ্কে খুদে ছাত্রছাত্রীদের পাঠদান চলছে বিদ্যালয়ের আঙিনার গাছতলায়। গাছের পাতার ফাঁক গলে শিশুদের শরীরে এসে পড়ছে সূর্যের আলো।এটি ময়মনসিংহের নান্দাইল উপজেলার কুলধুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র। চণ্ডীপাশা ইউনিয়নে অবস্থিত ওই বিদ্যালয়ে ১৯৯৫ সালে নির্মিত পাকা ভবনটি মাত্র ১৫ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। প্রায় ৪০০ শিক্ষার্থীর ওই বিদ্যালয়ে শিশুদের নিরাপত্তার কথা বিবেচনা করেই শিক্ষকেরা গাছতলায় পাঠদানের সিদ্ধান্ত নেন।প্রতিদিন বেঞ্চ টানতে ভালো লাগে না বলে জানায় দ্বিতীয় শ্রেণীর ছাত্র কবীর মিয়া। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাদী সিদ্দিকা বলেন, ঝুঁকিপূর্ণ ওই ভবনটি বাদে বিদ্যালয়ে মাত্র একটি পাকা ভবন রয়েছে। ওই ভবনটির একটি অংশ শিক্ষকদের বসার জন্য ব্যবহূত হয়। অবশিষ্ট জায়গাটুকু ভাগ করে শ্রেণীকক্ষের কাজ চালানো হয়। সেখানে স্থান-সংকুলানের অভাবে গাছতলায় বেঞ্চ বসিয়ে একটি শ্রেণীর পাঠদান চালাতে হচ্ছে। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহেনা আক্তার প্রথম আলোকে বলেন, তিনি ঝুঁকিপূর্ণ ওই ভবনে পাঠদান কার্যক্রম বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন।এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, পুরোনো নকশা অনুযায়ী নির্মিত ভবনটির জন্য বরাদ্দ হয়তো কম ছিল। তবে এলজিইডি কর্তৃপক্ষ যে ভবনটি নির্মাণ করেছিল, সে ব্যাপারে তিনি নিশ্চিত নন।কুলধুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইমদাদুল হক বলেন, ওই বিদ্যালয়ের নতুন একটি ভবন নির্মাণ করা প্রয়োজন। এ ব্যাপারে এলজিইডির চাহিদা-তালিকায় বিদ্যালয়টির নাম পাঠানো হয়েছে।