গাছতলায় পাঠদান
জামালপুরের সরিষাবাড়ী টিকরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীকে খোলা আকাশের নিচে পাঠদান করা হচ্ছে। বিদ্যালয় ভবনের ছাদে ফাটল দেখা দেওয়ায় এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তাই শিক্ষকেরা বাধ্য হয়ে এভাবেই পাঠদান করছেন। এতে পাঠদানও হচ্ছে ব্যাহত।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার আওনা ইউনিয়নে বিদ্যালয়টি অবস্থিত। ১৯৭২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৮৫ সালে বিদ্যালয়ের জন্য একতলা পাকা ভবন নির্মাণ করা হয়। নিম্নমানের কাজ হওয়ায় ভবনটির ছাদে কয়েক বছর আগে ফাটল দেখা দেয়। এ ছাড়া দেয়াল ও ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানোর পর ২০১৪ সালের ২২ এপ্রিল তৎকালীন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অনন্ত পাল বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি ওই সময় বিদ্যালয়ে পাঠদান বন্ধ করার নির্দেশ দেন। এরপর থেকে শিক্ষার্থীদের বিদ্যালয়ের সামনে খোলা আকাশের নিচে পাঠদান করা হচ্ছে। গত মাসে উপজেলা প্রকৌশলী বিদ্যালয় পরিদর্শনে এসে ভবন পরিত্যক্ত ঘোষণা করেন।
তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শরীফুল ইসলাম বলে, ‘মাটিতে বইসা ক্লাস করতে বালা লাগে না। বৃষ্টি আইলে স্যাররা স্কুল ছুটি দিই দেয়।’
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিয়ার রহমান জানান, বিদ্যালয়ের একতলা ভবনে ফাটল দেখা যাওয়ায় ও পলেস্তারা খসে পড়ায় শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠদান করা হচ্ছে। তিনি বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছেন।
উপজেলা প্রকৌশলী মো. ফজলুল হক জানান, ‘আমি এ উপজেলায় নতুন এসেছি। এ ব্যাপারে কোনো কিছু জানি না।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস জানান, শিক্ষার্থীদের পাঠদানের জন্য দু-এক মাসের মধ্যে তিন কক্ষবিশিষ্ট টিনের ঘর করে দেওয়া হবে।