গাছতলায় পাঠদান
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারাকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হয় গাছতলায়। এতে ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বর্ষা মৌসুমের আগে শ্রেণীকক্ষের ব্যবস্থা করা সম্ভব না হলে বেশির ভাগ শ্রেণীর ক্লাস নেওয়া বন্ধ করে দিতে হবে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, বিদ্যালয়ের ভবন মাত্র একটি। ভবনের দুটি কক্ষের একটি শ্রেণীকক্ষ অন্যটি অফিসকক্ষ হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু তাঁরা এখন অফিসকক্ষেও ক্লাস নিতে বাধ্য হচ্ছেন। তিনি জানান, বিদ্যালয়ের একটি ভবন পরিত্যক্ত হয়ে যাওয়ায় দুই মাস আগে সেটি নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে। এর পর থেকেই শ্রেণীকক্ষের এই সংকট চলছে।স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নীপা ও পপি জানায়, স্কুলে বসার জন্য কোনো বেঞ্চ না থাকায় তাদের প্রতিদিন ছালা নিয়ে আসতে হয়। তারা জানায়, কেউ বা নিয়ে আসে পলিথিন। পুরোনো খবরের কাগজও নিয়ে আসে অনেকে। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী শিউলি জানায়, যারা ছালা বা পেপার আনে না তারা গাছের পাতা ছিঁড়ে ক্লাস করতে বসে।প্রধান শিক্ষক জানান, ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে শিশু শ্রেণীতে ৪২ জন, প্রথম শ্রেণীতে ৮৭, দ্বিতীয় শ্রেণীতে ৯৭, তৃতীয় শ্রেণীতে ৭১, চতুর্থ শ্রেণীতে ৬৬ এবং পঞ্চম শ্রেণীতে ৩৫ জন শিক্ষার্থী রয়েছে। ২০১০ সালে অনুষ্ঠিত সমাপনী পরীক্ষায় পাসের হার ছিল শতভাগ।বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. বাছির উদ্দিন বলেন, বর্তমানে গাছতলায় ক্লাস করতে পারলেও বর্ষা মৌসুমে ক্লাস বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। অভিভাবকেরা বলেন, বিদ্যালয়ের পড়ালেখার মান ঠিক রাখতে দ্রুত একটি নতুন ভবন অথবা বর্ষা মৌসুমের জন্য পাঠদানের উপযোগী বিকল্প একটি ঘরের দরকার। তা না হলে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহানারা বেগম জানান, ওই বিদ্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।