গাছতলায় পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাঙনের কারণে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বড়সিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু সেখানে নতুন কোনো ঘর তৈরি করা হয়নি। শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে ক্লাস করছে l ছবি: প্রথম আলো
ভাঙনের কারণে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বড়সিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু সেখানে নতুন কোনো ঘর তৈরি করা হয়নি। শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে ক্লাস করছে l ছবি: প্রথম আলো

নদীভাঙনের কারণে সরিয়ে নেওয়া হয় বিদ্যালয়। কিন্তু নতুন স্থানে কোনো ঘর তৈরি করা হয়নি। তাই খোলা আকাশের নিচেই ক্লাস করছে কোমলমতি শিক্ষার্থীরা। বৃষ্টি হলে তাদের পড়াশোনাও পণ্ড।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বড়সিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা ফেরদৌসী বলেন, পদ্মাগর্ভে বিলীন হওয়া থেকে রক্ষা করতে গত ২০ আগস্ট খুলনা-দৌলতদিয়া মহাসড়কের নুরুমণ্ডলপাড়ায় বিদ্যালয়টি সরিয়ে নেওয়া হয়। কিন্তু সেখানে কোনো ঘর তৈরি করা হয়নি। তাই শিক্ষার্থীদের নিয়ে খোলা আকাশের নিচে অনেক কষ্ট করতে হচ্ছে। বিদ্যালয়ের জরুরি আসবাব রাখা হয়েছে পাশের বাড়িতে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, মহাসড়কের পাশে নুরুমণ্ডলপাড়ায় নতুন ঈদগাহ মাঠের খোলা আকাশের নিচে বিদ্যালয়ের টিন, চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাব রাখা। পাশের বাড়ির উঠানে ও গোয়ালঘরের পাশে গাছতলায় কয়েকটি বেঞ্চ রাখা। সেখানে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ক্লাস করছে। রোদ-বৃষ্টি থেকে রক্ষার কোনো ব্যবস্থা নেই।
কথা হয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী পিয়ার প্রামাণিক ও লাবলু প্রামাণিকের সঙ্গে। তারা জানায়, তাদের বাড়ি প্রায় সাড়ে চার কিলোমিটার দূরে দৌলতদিয়ার ঢল্লাপাড়া গ্রামে। সকাল নয়টার দিকে বাড়ি থেকে বের হলেও নৌকার জন্য প্রায় এক ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। এরপর ক্যানালঘাটে সোজা ভরা পদ্মা নদী পাড়ি দিয়ে আসতে হয়েছে স্কুলে।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শম্পা জানায়, খোলা আকাশের নিচে ক্লাস করতে তাদের সমস্যা হচ্ছে। বৃষ্টির সময় ক্লাস করার উপায় থাকে না। আগামী নভেম্বরে সমাপনী পরীক্ষা। কিন্তু বিদ্যালয়ের সমস্যায় তারা ঠিকমতো প্রস্তুতি নিতে পারছে না।
জানতে চাইলে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানোয়ার আহম্মেদ প্রথম আলোকে বলেন, সরকারিভাবে বিদ্যালয় নির্মাণের বরাদ্দ নেই। তবে ইউপি চেয়ারম্যানের আর্থিক সহযোগিতায় শিগগিরই জমি কিনে ঘর তৈরির কাজ শুরু হবে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ বলেন, প্রাথমিকভাবে ঘর তোলার জন্য স্থানীয়ভাবে কিছু টাকাও বরাদ্দ দেওয়া হয়েছে।